তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে। তবে সিরিজ জয়ের মিশনে আইরিশদের চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি! সিলেটের আকাশে গত কয়েক দিন ধরেই মেঘ বিরাজ করছে। প্রথম ম্যাচের দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই ছিল। কিন্তু শনিবার রাতে কালো আকাশ ভেদ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। ম্যাচের দিন সকালে মেঘ যদিও কেটে গেছে। কিন্তু আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচ চলাকালে বৃষ্টি হানা দিতে পারে! এই বৃষ্টি মাথায় নিয়েই গড়াতে যাচ্ছে দ্বিতীয় ওয়ানডে। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করলেও ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আইরিশরা। বাংলাদেশ তাদের রেকর্ড ১৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে। যদিও সাম্প্রতিক সময় আইরিশদের পারফরম্যান্স দুর্দান্তই বলা চলে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারানোর ইতিহাস আছে দলটির। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে না পারলেও দারুণ ক্রিকেট খেলেছে। তাছাড়া সিলেটের বর্তমান কন্ডিশনও হয়েছে আইরিশ সহায়ক! ঠান্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আইরিশদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। রবিবার রাতে বৃষ্টি কমলেও আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া রিপোর্টে ম্যাচের দিন থেমে থেমে বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।
আয়ারল্যান্ডের বোলিং আক্রমণ পেসনির্ভর। ঠান্ডা আবহাওয়ায় জ্বলে উঠতে পারেন পেসাররা। সিলেটের বর্তমান আবহাওয়াও প্রভাব ফেলতে পারে তাদের বোলিংয়ে। যদিও নিজেদের চেয়ে বাংলাদেশের পেসারদেরই এগিয়ে রাখলেন মালান, ‘দেখুন, বাংলাদেশেরও তিন জন মানসম্পন্ন সিমার আছে, সেটার দিকেও তাকাতে হবে। পেসাররা তুলে ধরেছে যে খুব ভালো অলরাউন্ড দল তারা হয়ে উঠেছে। এখন আর শুধু স্পিন খেলানো নয়। তাদের দারুণ একটি পেস আক্রমণভাগও রয়েছে।’
এদিকে, প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে জেতা বাংলাদেশ দল নির্ভার সময় কাটিয়েছে। তামিম ছাড়া বাকি সবাই বিশ্রামে ছিলেন। বেশ কয়েক সিরিজ ধরে রান খরায় ভোগা তামিম একাই সিলেটের ইনডোরে অনুশীলন করেছেন। আগের ম্যাচে তামিম ছাড়া সবাই রান পেয়েছেন। ব্যাটিংয়ের পর বোলাররাও দুর্দান্ত পারফর্ম করেছেন। সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচেও একই পারফরম্যান্স বজায় রাখতে আশাবাদী বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ম্যাচের আগের দিন শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী হেরাথের ভাষ্য, ‘প্রথম ম্যাচের জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। এখন ওদের বিপক্ষে কীভাবে জিততে হয়, সে অভিজ্ঞতা আমাদের আছে। এটা দলের জন্য গুরুত্বপূর্ণ।’
প্রথম ম্যাচে চোখে ফুটবলের আঘাতের কারণে মেহেদী হাসান মিরাজ খেলতে পারেননি। চোখের অবস্থা এখন ভালোর দিকে থাকলেও এই ম্যাচেও তিনি বিশ্রামে থাকতে পারেন। তাতে প্রথম ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি।