‘কন্ডিশন পক্ষে ছিল, হেরে যাওয়ায় হতাশ’

চট্টগ্রামে ডিএলএস মেথডে ২২ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ। বৃষ্টির হস্তক্ষেপে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু করেছিল আয়ারল্যান্ড। কিন্তু হার মানতে হলো। দলের অধিনায়ক পল স্টার্লিং বললেন, কন্ডিশন তাদের পক্ষে ছিল। তাই হেরে যাওয়ায় হতাশ তিনি।

দুই ওভারেই ৩২ রান তুলেছিল উদ্বোধনী জুটিতে থাকা স্টার্লিং ও রস অ্যাডায়ার। তৃতীয় ওভারে হাসান মাহমুদ ভাঙেন এই জুটি। তারপর তাসকিন আহমেদ তার প্রথম ওভারে নেন ৩ উইকেট। ওই ব্রেকথ্রু বাংলাদেশকে এনে দেয় দারুণ জয়। পরে ডানহাতি পেসার আরও একটি উইকেট নেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে স্টার্লিং বলেছেন, ‘আমি মনে করি আজ আমরা অনেক ভালো কন্ডিশন পেয়েছিলাম। ব্যাট করা সহজ ছিল। কন্ডিশন আমাদের পক্ষে থাকলেও হেরে যাওয়ায় হতাশ। শেষ ১০ ওভারে আমরা বল হাতে ঘুরে দাঁড়িয়েছিলাম। এই দলকে নেতৃত্ব দেওয়া সবসময় আনন্দের।’

আগে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে ২০৭ রান করে। রনি তালুকদার করেন ৩৮ বলে ৬৭ রান। লিটনের ব্যাটে আসে ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস। পরে শামীম হোসেন ২০ বলে ৩০ ও সাকিব আল হাসান ১৩ বলে ২০ রানের ছোট ক্যামিও ইনিংস খেলেন।