আইপিএলে একপেশে জয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্যামসানের দল।
সংক্ষিপ্ত স্কোর: রাজস্থান ২০৩/৫
সানরাইজার্স: ১৩১/৮
ফল: রাজস্থান ৭২ রানে জয়ী।
ম্যাচসেরা: জস বাটলার।
২০৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর রাজস্থানের জয়ের মঞ্চটা শুরুতে গড়ে দেন ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারেই অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠির উইকেট নিয়ে তাদের কাঁপিয়ে দিয়েছেন।
সপ্তম ওভারে দলের ৩৪ রানে হ্যারি ব্রকও সাজঘরে ফিরলে প্রান্ত আগলে খেলতে থাকা মায়াঙ্ক আগারওয়ালের ওপর চাপটা ভীষণভাবে বেড়ে গেছে। সেই চাপের কাছেই পড়ে মাথা নত করেছে হায়দরাবাদ। শেষ পর্যন্ত ৮ উইকেটে হারা ১৩১ রান করতে পেরেছে। ৩২ রানে অপরাজিত ছিলেন আবদুল সামাদ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে মায়াঙ্কের ব্যাট থেকে।
বোল্ট শুরুতে কাঁপিয়ে দিলেও বাকি সর্বনাশটা করেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন। ২১ রানে দুটি নেন বোল্ট। একটি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার ও রবিচন্দ্রন অশ্বিন।
টস হেরে ব্যাট করা রাজস্থান শুরু থেকেই শাসন করেছে। যার নেতৃত্বে ছিলেন ইংলিশ ব্যাটার জস বাটলার। যশ্বসী জসওয়াল, জস বাটলারের ওপেনিং জুটিতেই পাওয়ার প্লেতে ৮৫ রান যোগ হয়েছে। ২০ বলে ফিফটি পাওয়া বাটলার শেষ পর্যন্ত ৫৪ রানে ফারুকির বলে বোল্ড হয়েছেন। তার ২২ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার। বাটলারের আউটের পর ফিফটি পেয়েছেন জসওয়াল ও অধিনায়ক সানজু স্যামসনও।
জসওয়াল ৫৪ রানে ফিরতেই মাত্র ২ রানে আউট হয়েছেন দেবদূত পাদিক্কাল। রায়ান পরাগও ৭ রানের বেশি পাননি! তাতে শেষটা যেমন হওয়ার কথা ছিল, তেমনটা হয়নি। অবশ্য শুরুর যে ছন্দ ছিল, সেটা পাদিক্কাল-পরাগ ব্যবহার করতে পারলে রান আরও বাড়তে পারতো। সেটা না হওয়ায় প্রথম দশ ওভারে ১২২ রান যোগ হলেও শেষ দশ ওভারে ৮৮ রান যোগ হয়েছে!
তার পরেও ৫ উইকেটে রাজস্থান ২০৩ রান করতে পেরেছে অধিনায়ক স্যামসনের ৫৫ রানের ঝড়ো ইনিংস ও শিমরন হেটমায়ারের ২২ রানের কার্যকরী ইনিংসের সুবাদে। স্যামসন ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কা মেরে আউট হয়েছেন। হেটমায়ার অপরাজিত ছিলেন। তার ১৬ বলের ইনিংসে ছিল ১টি চার ও ১ ছয়ের।