এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজার অবদানকে স্বীকৃতি দিলো মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্রিকেটে আরও ১৮ জন তারকার সঙ্গে তাকেও সম্মানসূচক আজীবন সদস্যপদ দিলো তারা।

এমসিসি বুধবার ১৯ জন নতুন সদস্যের নাম ঘোষণা করেছে। ১২টি টেস্ট খেলুড়ে দেশের আটটির প্রতিনিধি রয়েছে এই তালিকায়। ইংল্যান্ড ও ভারতের পাঁচজন করে সাবেক খেলোয়াড় আছেন। এছাড়া অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের জায়গা হয়েছে।

মাশরাফির কথা উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, প্রভাবশালী বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের সঙ্গে ১৯ বছরের ক্যারিয়ার তার।

এছাড়া ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মর্গ্যান, চারবারের অ্যাশেজ জয়ী কেভিন পিটারসেন, ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংকে রাখা হয়েছে। ১৩ বছরের ক্যারিয়ারে সাড়ে ৫ হাজার ওয়ানডে রান করে নাম লিখেছেন সুরেশ রায়না। 

পাকিস্তানের তিন ফরম্যাটে ৪০০ বার দেশের প্রতিনিধিত্ব করে মোহাম্মদ হাফিজ এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ৪৩৯ টেস্ট উইকেট নিয়ে এই সদস্যপদ লাভ করেছেন।