সপ্তম রাউন্ডে এসে দ্বিতীয় জয় পেলো ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপির তিন নম্বর মাঠে তারা ঢাকা লিওপার্ডের বিপক্ষে ১৯৯ রানের লক্ষ্য পায়। সহজ এই লক্ষ্য ৪১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে ব্রাদার্স। যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটার তানজিদ হাসান তামিম ৭১ ও মাইশুকুর রহমান খেলেছেন ৫০ রানের ইনিংস।
বুধবার বিকেএসপিতে আগে ব্যাটিং করে ১৯৮ রান করে ঢাকা লিওপার্ড। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ২২ রানে ওপেনিং জুটি ভাঙলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি ব্রাদার্সের। দ্বিতীয় উইকেটে সাব্বির হোসেন ও জুনিয়র তামিম মিলে ৪৬ রানের জুটি গড়েন। সাব্বির ১৯ রানে আউট হওয়ার পর দ্রুত আনিসুল ইসলাম (১) বিদায় নেয়। তবে মাইশুকুরের সঙ্গে জুনিয়র তামিমের ৫৩ রানের জুটি জয়ের পথটা তৈরি করে দেয়।
ঢাকা লিওপার্ডের বোলারদের হয়ে সালাউদ্দিন শাকিল ও মঈন খান দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ব্রাদার্সের স্পিন তোপে পড়ে ঢাকা লিওপার্ড। সোহরাওয়ার্দীর ৪৫, আরিফুল জনির ৩৫ ও রাকিবুল ইসলাম নয়নের ৩১ রানের ওপর দাঁড়িয়ে লিওপার্ড ৪৮.৪ ওভারে ১৯৯ রানে অলআউট হয়।
আরাফাত সানি জুনিয়র ৪৫ রানে নেন তিনটি উইকেট, ব্যাট হাতেও করেছেন ২৩ রান। হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। এছাড়া মেহেদী হাসান, সাদ নাসিম ও রাহাতুল ফেরদৌস দুটি করে উইকেট নেন।