লিটনের বিবর্ণ অভিষেকের দিনে দিল্লির স্বস্তির জয়

অনেক প্রতীক্ষার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয়েছে লিটন দাসের। প্রথম বলে দৃষ্টিনন্দন চার মেরে দারুণ শুরুর বার্তা দিয়েছিলেন। কিন্তু চার বলের মধ্যেই থেমেছেন কলকাতার ওপেনার। বাজে ব্যাটিংয়ের পর বাজে কিপিংয়েও অভিষেকটা বিবর্ণ হয়ে থেকেছে। গুরুত্বপূর্ণ সময়ে মিস করেছেন স্টাম্পিং। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)ব্যর্থতার সুযোগ নিয়ে দিল্লি ক্যাপিটালস ৬ষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে। তবে কেকেআরের দেওয়া ১২৮ রানের মামুলি লক্ষ্য বেশ কষ্ট করেই টপকেছে দিল্লি। ৪ বল আগে ৬ উইকেট হারিয়ে চলতি আসরের প্রথম জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল।

স্কোর:

কলকাতা: ১২৭

দিল্লি: ১৯.২ ওভারে ১২৮/৬

ফল: দিল্লি ৪ উইকেটে জয়ী।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে কলকাতা। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতার পর কলকাতা তার পরেও ১২৮ রানের লক্ষ্য দিতে পারে আন্দ্রে রাসেলের দৃঢ়তায়। সহজ সেই লক্ষ্যে খেলতে নেমে দিল্লির দুই ওপেনার ৪ ওভারেই তুলে ফেলেন ৩৪ রান। পঞ্চম ওভারে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা পৃথ্বী শ (১৩) রানে আউট হলে ভাঙে ৩৮ রানের জুটি। এরপর মিচেল মার্শকে একপাশে রেখে স্কোর এগিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন ওয়ার্নার। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় দিল্লির প্রথম জয়টি শঙ্কায় পড়ে গিয়েছিল। টপ অর্ডারের ব্যর্থতার পর ১৪তম ওভারে দলীয় ৯৪ রানে ওয়ার্নারও বিদায় নিলে শঙ্কাটা আরও বাড়ে।

যদিও শেষ মুহূর্তে মনীশ পান্ডে ও অক্ষর প্যাটেল খুব ভালো ভাবেই পরিস্থিতি সামাল দিয়েছেন। ২৩ বলে ২১ রান করে আউট হন পান্ডে। তবে ২২ বলে ১৯ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেছেন প্যাটেল। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক ওয়ার্নার। ৪১ বলে ১১ চারে ৫৭ রান করেন তিনি। সবমিলিয়ে ১৯.২ ওভারেই ৬ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ৬ ম্যাচে একমাত্র জয় নিয়ে দিল্লি এখনো সবার নিচে অবস্থান করছে।

কলকাতার বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী ও নিতিশ রানা দুটি করে উইকেট নিয়েছেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা অনুকূল রায়ও নিয়েছেন দুটি উইকেট।

এদিকে লিটন দাস কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার পর থেকে তাকে একাদশে দেখতে মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। এর আগে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ার পরই লিটনের ব্যাটিং দেখার সেই মাহেন্দ্রক্ষণ চলে আসে। কিন্তু নিজের অভিষেক ম্যাচে বিবর্ণ থেকেছেন তিনি। ৪ বলে মাত্র ৪ রানে ফিরেছেন বাংলাদেশের ওপেনার। নিজের উইকেট প্রতিপক্ষকে উপহারই দিয়ে আসেন তিনি। ডানহাতি পেসার মুকেশ কুমারের শর্ট বল জায়গায় দাঁড়িয়ে পুল করতে গিয়ে টপ এজ হন লিটন।

লিটনের আউটের পরই ছন্দপতন ঘটে কেকেআর ইনিংসে। স্কোরবোর্ডে আরও ১০ রান যোগ হতেই ভেঙ্কটেশ আইয়ার রানের খাতা না খুলে আউট হয়েছেন। ৪৫ রানের মধ্যে টপ অর্ডার ও মিডল অর্ডার মিলিয়ে ৫টি উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। এক পাশ আগলে রেখে ওপেনার জেশন রয় ভালোই খেলছিলেন। কিন্তু সপ্তম উইকেট হিসেবে ৩৯ বলে ৪৩ রান করে তিনিও সাজঘরে ফিরলে বিপর্যয় ঘনিয়ে আসে। কঠিন পরিস্থিতিতে আন্দ্রে রাসেল ৩১ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে তা সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এই দুই ব্যাটার ছাড়া মন্দীপ সিং কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন (১২)। সবমিলিয়ে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ১২৭ রানে অলআউট হয়েছে।

দিল্লির একাদশে আজ সুযোগ হয়নি মোস্তাফিজুর রহমানের। দুই ম্যাচ খেললেও ভালো বোলিং করতে না পারায় তাকে বাদ দিয়েছে দিল্লি। মোস্তাফিজের বদলে সুযোগ পাওয়া আইনরিখ নর্কিয়া দুটি উইকেট নিয়েছেন। এছাড়া ইশান্ত শর্মা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নিয়েছেন। ম্যাচসেরা ১৯ রানে ২ উইকেট নেওয়া ইশান্ত।