মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের মাঠে শনিবার হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংস। হাই স্কোরিং ম্যাচে শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে জিতেছে তারা। শেষ ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১৬ রান, আর্শদীপ সিং দুটি উইকেট তুলে নিয়ে দারুণ অবদান রাখেন। এর আগে পাঞ্জাবের ২১৪ রানের সংগ্রহে ঝড়ো হাফ সেঞ্চুরি করেন স্যাম কারান। ম্যাচ শেষে তার হাতেই উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার, যদিও নিজেকে এর দাবিদার মনে করেন না অধিনায়ক।
২৯ বলে ৫৫ রান করেন কারান। তার দারুণ ব্যাটিংয়ের পর আর্শদীপ ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। শেষ ওভারে টানা দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান এই বাঁহাতি ফাস্ট বোলার। তাকেই ম্যাচসেরার উপযুক্ত দাবি করলেন কারান।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণীতে এই জয়কে বিশেষ আখ্যা দিলেন ইংলিশ অলরাউন্ডার, ‘হ্যাঁ, অবশ্যই বিশেষ। চমৎকার মাঠ এবং পরিবেশ ছিল অসাধারণ। মুম্বাই কঠিন দল। এখানে জেতা এবং মোট রান ডিফেন্ড করা আমাদের জন্য দারুণ। আমি ম্যাচসেরা খেলোয়াড় পুরস্কারের দাবিদার নই, আর্শদীপ এর যোগ্য। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি। অন্যরাও এগিয়ে এসেছে।’