দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে শ্রীলঙ্কার দাঁতভাঙা জবাব

আয়ারল্যান্ড গলে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড ৪৯২ রান করেছিল। কিন্তু শ্রীলঙ্কা যে প্রতিক্রিয়া দেখালো, তাতে স্বস্তিতে নেই সফরকারীরা। দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে দাঁতভাঙা জবাব দিলো স্বাগতিকরা। বৃষ্টিবিঘ্নিত বিকালে ১ উইকেটে ৩৫৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা। অবশ্য এখনও তারা ১৩৫ রানে পিছিয়ে।  

বুধবারের খেলায় কুশল মেন্ডিসের চার-ছক্কা মারার ধরন দেখে মনে হচ্ছিল টেস্ট নয়, শ্রীলঙ্কা টি-টোয়েন্টি খেলছে। বেন হোয়াইটকে নিজের প্রথম ছক্কা মেরে দলের স্কোর তিনশ ছাড়ালেন। তিন বল পর চার মেরে ৫৯ বলে হাফ সেঞ্চুরি করলেন ডানহাতি ব্যাটার। তার মারকুটে ব্যাটিংয়ের হাইলাইটস হলো ম্যাথু হামফ্রেসকে টানা তিনটি ছক্কা।

টানা দ্বিতীয় সেঞ্চুরি করুণারত্নের

আয়ারল্যান্ডের বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিন টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে ছিলেন কুশল। কিন্তু বেরসিক বৃষ্টি তাকে অপেক্ষায় রাখলো। ৭ চার ও ৫ ছয়ে ৯৬ বলে ৮৩ রানে অপরাজিত তিনি। হুট করে বৃষ্টি নামায় আগেভাগে চা বিরতিতে যায় দুই দল। পরে কিছুক্ষণ অপেক্ষা শেষে দিনের সমাপ্তি টানেন আম্পায়াররা।

কুশলকে এই আগ্রাসী ব্যাটিংয়ে অনুপ্রেরণা দিয়েছেন দুই ওপেনার। বিনা উইকেটে ৮১ রানে দিন শুরু হয় স্বাগতিকদের। নিশান মাদুশকা ও দিমুথ করুণারত্নে দৃঢ়চেতা ইনিংস খেলে শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে রাখেন। দুজনের ব্যাটে ২২৮ রানের উদ্বোধনী জুটি গড়ে স্বাগতিকরা। প্রথম টেস্টে ১৭৯ রান করা করুণারত্নে ১৬তম সেঞ্চুরি হাঁকিয়ে লাঞ্চের আগে ফিরে যান। ১১৬ বলে করা শতককে ১১৫ রানের বেশি নিতে পারেননি তিনি। অধিনায়কের ১৩৩ বলের ইনিংসে ছিল ১৫ চার।

মাদুশকার প্রথম সেঞ্চুরি উদযাপন

বিরতিতে যাওয়ার আগেই মাদুশকা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মারেন, এজন্য খেলতে হয়েছে ১৫৯ বল, ছিল ১৪ চার ও ১ ছয়। ৪১ রানে দিন শুরু করা লঙ্কান ওপেনার ১৪৯ রানে অপরাজিত আছেন। ২৩৪ বলের ইনিংসে মেরেছেন ১৮ চার ও ১ ছয়। কুশলের সঙ্গে তার জুটি অপরাজিত ১২৯ রানের।

মাদুশকা কিন্তু দিন শেষ না করেই ফিরে আসতেন। ভাগ্য সহায় ছিল তার। ব্যক্তিগত ১৩১ রানে ফার্স্ট স্লিপে অ্যান্ডি বালবির্নি তার সহজ ক্যাচ ছেড়ে দেন। জীবন পান মাদুশকা, তার ক্যাচ ছাড়ার মাশুল আইরিশরা কতটা দেবে, সেটা সময় বলে দিবে।