ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবার রাতে ল্যান্ডমার্ক ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও প্রথম আসরের শিরোপা জয়ী রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের আগে ছোটখাটো সেলিব্রেশন হবে। কারণ এটি আইপিএলের এক হাজারতম ম্যাচ!
এই মাইলফলক ছোঁয়া ম্যাচ স্মরণীয় করতে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ছোট্ট একটি অনুষ্ঠান আয়োজন করছে। মুম্বাই ও রাজস্থানের অধিনায়ক এবং দুই দলের সাবেক কিছু খেলোয়াড়দের সঙ্গে নিয়ে এই ক্ষণ উদযাপন করা হবে।
২০০৮ সালের ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইপিএল। দেখতে দেখতে ১৬টি আসর শেষ হওয়ার পথে। সারা বিশ্বে অন্যরকম মর্যাদা অর্জন করেছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই টুর্নামেন্টেরই হাজারতম ম্যাচ উদযাপনের সুযোগ হাতছাড়া করছে না ভারতীয় বোর্ড।
টাইমস অব ইন্ডিয়া বোর্ড সূত্রের উদ্ধৃতি দিয়েছে, ‘এই উপলক্ষকে স্মরণীয় করতে বিসিসিআই ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করবে। স্বেচ্ছাসেবীরা এক হাজারতম ম্যাচের পতাকা ধরে থাকবে, থ্যাংক ইউ পতাকা এবং ভারতীয় পতাকা। পুরো অনুষ্ঠান হবে ১০-১৫ মিনিটের। রবি শাস্ত্রী অনুষ্ঠান পরিচালনা করবেন।’
পরে একটি ভিডিও প্রচার করা হবে, যেখানে কিছু খেলোয়াড় আইপিএল নিয়ে কথা বলবেন। তারপর জাতীয় সঙ্গীতের আগে বিসিসিআই দুই দলের অধিনায়ককে স্মারক তুলে দিবে। ম্যাচের আগে এই অনুষ্ঠানের ড্রাই রানও (মহড়া) হবে।