এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল আফগানিস্তান। শনিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওমানকে ৩ উইকেটে হারিয়েছে আফগানরা। এ জয়ে চূড়ান্ত পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখলো আজগর স্ট্যানিকজাইয়ের দল।
এদিন জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওমান। শুরুটা ভালোই করে ওমান। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৭২ রান তুলেন জিসান মাকসুদ ও জিতেন্দর সিং। জিসান করেন ৪২ বলে ৫২ রান। ওয়ান ডাউনে নেমে ২৭ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আদনান ইলিয়াস। এছাড়া জিতেন্দর সিং করেছেন ২৩ রান।
নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে ওমান। আফগানদের হয়ে দুটি উইকেট নিয়েছেন গুলাবদীন নায়েব। একটি করে উইকেট নিয়েছেন দৌলত জর্দান ও আমির হামজা।
১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৫ রানে প্রথম উইকেট হারায় এশিয়ার উদীয়মান দলটি। তবে নুর আলী জারদানের ৪৪ বলে ৬৩, আজগর স্ট্যানিকজাইয়ের ১৭ বলে ৩৪ ও নাজিবুল্লাহ জারদানের ২৩ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় আফগানরা।
/এমআর/