আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের তালিকায় স্থান পেয়েছেন নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের তিন ক্রিকেটার। এপ্রিল মাসের সেরার লড়াইয়ে আছেন-মার্ক চ্যাপম্যান, প্রবাথ জয়সুরিয়া ও ফখর জামান। এর মধ্যে চ্যাপম্যান ও ফখর জামান প্রথমবারের মতো মাস সেরার লড়াইয়ে স্থান পেয়েছেন।
গত মাসে পাকিস্তান সফরে দারুণ সময় কাটিয়েছেন কিউই ব্যাটার। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডের এই ব্যাটারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। উদ্বোধনী ম্যাচে দলের ব্যাটিং ব্যর্থতার দিনে সর্বোচ্চ ৩৪ রান এসেছিল তার ব্যাট থেকেই। পুরো সিরিজে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ২৫৬ রান করেছেন চ্যাপম্যান। ৫ ম্যাচের মধ্যে চারটিতেই অপরাজিত ছিলেন। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে এসে ৫৭ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছেন কিউই ব্যাটার। তার পারফরম্যান্সেই মূলত নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ ড্র করতে পেরেছে।
একই ফর্ম ছিল লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়ার। লঙ্কান বাঁহাতি স্পিনার গত বছর জুলাইয়ে পুরুষদের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। একই পারফরম্যান্সের কারণে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের তালিকায় দ্বিতীয়বারের মতো মনোনীত হলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে গলে অনুষ্ঠিত দুই টেস্টেই দারুণ বোলিং করেছেন। প্রথম টেস্টে দশ উইকেট নিয়েছিলেন; যার মধ্যে প্রথম ইনিংসে ৫২ রানে সাত উইকেট ছিল তার। দ্বিতীয় টেস্টেও তার এমন পারফরম্যান্স অব্যাহত ছিল। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন দুটি উইকেট। গলে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস চলাকালে বিশ্বের দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করার গৌরব অর্জন করেছেন তিনি। মাত্র ৭ টেস্টেই তিনি এই কীর্তি অর্জন করেছেন। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় বারের মতো মাস সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে লঙ্কান এই বাঁহাতি স্পিনার।
অপর দিকে পাকিস্তানের ফখর জামান প্রথমবারের মতো মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় নাম লিখিয়েছেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে মোটামুটি পারফরম্যান্স দিয়ে এপ্রিল মাস শুরু করেছিলেন ফখর। কিন্তু মাসের শেষ দিকে এসে টানা দুই সেঞ্চুরিতে দলকে জেতানোর পাশাপাশি নিজেও গড়েছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরির কীর্তি। প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডের দেওয়া ২৮৯ রান তাড়া করতে নেমে ফখরের ১১৪ বলে ১১৭ রানের ইনিংসে পাকিস্তান ৫ উইকেটের জয় পেয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে তো আরও ভয়ঙ্কর হয়ে উঠেন তিনি। নিউ জিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ফখর ১৪৪ বলে খেলেছেন অপরাজিত ১৮০ রানের ইনিংস। আর তাতেই স্বাগতিকরা ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। সেরা তিনে স্থান পাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়ে থাকে। এপ্রিল মাসের সেরা নির্বাচিত করতে ভোট দিতে হবে এই লিংকে-https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month