শচীনের মাঠে ওয়ানডেতেও বাংলাদেশের স্কুল দলের আধিপত্য

শচীনের শহর মুম্বাইয়ে একের পর এক সাফল্য পাচ্ছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট অনূর্ধ্ব-১৬ দল। দুটি তিন দিনের ম্যাচ জয়ের পর প্রথম ওয়ানডেতেও সাফল্য পেয়েছে সফরকারীরা। স্বাগতিক মুম্বাইকে ১৫৬ রানে অলআউট করার পর বাংলাদেশ সেই রান ৪৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে টপকে গেছে।

মুম্বাইয়ের শচীন টেন্ডুলকার জিমখানা স্টেডিয়ামে মুম্বাইয়ের ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দলের। ওপেনার জাওয়াদ আববারের ৩৯ রানের পর দেবাশীষ সরকার দেবার ৪৩ রানের ওপর দাঁড়িয়ে ৪৫তম ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারী বাংলাদেশ।

মুম্বাইয়ের অজিত যাদব সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া জেনিথ সচদেব ও আর্যরাজ নিকাম সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাটিং করে স্থানীয় দলটি ৩৫.৩ ওভারে ১৫৬ রান তুলে অলআউট। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন অজিত। এছাড়া প্রতীক যাদব ৩১ রান করেন। অতিরিক্তি খাত থেকে সফরকারীরা ২৬ রান না দিলে মুম্বাইয়ের স্কোর আরও কম হতো।

বাংলাদেশের বোলারদের মধ্যে শাকিল ইমতিয়াজ শিহাব ১৭ রানে চারটি উইকেট নিয়েছেন। এছাড়া সানজিদ মজুমদার তিনটি এবং আজিজুল হাকিম দুটি উইকেট নিয়েছেন।