রাসেল ঝড়ের পর শেষ বলে কলকাতাকে জেতালেন রিংকু

১৮০ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি। তবে আন্দ্রে রাসেল হিসাব পাল্টে দেন। শেষ চার ওভারে দরকার ছিল ৫১ রান। উইন্ডিজ তারকা তাণ্ডব চালান রিংকু সিংকে নিয়ে। বিশেষ করে শেষের আগের ওভারে ৩ ছয় মেরে তোলেন ২০ রান। ৬ রান প্রয়োজন ছিল শেষ ওভারে। সহজেই হয়ে যাওয়ার কথা, কিন্তু আর্শদীপ সিংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুজন মিলে ৪ রান তোলেন। পঞ্চম বলে রাসেল রান আউট হলে চাপে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাউন্ডারি মেরে রিংকু জেতান দলকে।

সোমবার পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। ৫ উইকেটে ১৮২ রান করে তারা। এই জয়ে এক লাফে পাঁচ নম্বরে উঠে গেছে তারা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। পাঞ্জাব সমান খেলে একই পয়েন্ট নিয়ে রান রেটে পিছয়ে থেকে সাতে। 

২৩ বলে ৩টি করে চার ও ছয়ে ৪২ রান করে ম্যাচসেরা হয়েছেন রাসেল। রিংকু ১০ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। এর আগে অধিনায়ক নিতিশ রানা ৫১ রান করেন। ১৬তম ওভারে তিনি আউট হন দলের ১২৪ রানে। জয়ের পাল্লা ভারী ছিল পাঞ্জাবের দিকেই। কিন্তু রাসেল নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দেন, যা দেখেছে সাফল্যের মুখ।

এর আগে পাঞ্জাব শিখর ধাওয়ানের ৫৭ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ৭ উইকেটে ১৭৯ রান করে তারা। শেষ দিকে শাহরুখ খানের ৮ বলে ২১ ও হারপ্রীত ব্রারের ৯ বলে ১৭ রান ভালো অবদান রাখে। 

কলকাতার পক্ষে বরুণ চক্রবর্ত্তী সর্বোচ্চ ৩ উইকেট নেন।