ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শচীন টেন্ডুলকারের পথ ধরে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন তার ছেলে অর্জুন টেন্ডুলকার। এই আসরে চার ম্যাচ খেলেছেন ভারতীয় অলরাউন্ডার। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মঙ্গলবার তার দল মাঠে নামার আগে অপ্রীতিকর ঘটনার কথা বললেন তিনি।
টুইটারে লখনউর পোস্ট করা এক ভিডিওতে অর্জুনকে বলতে শোনা যায়, কুকুর কামড় দিয়েছে তাকে। লখনউর খেলোয়াড় যুধবীর সিংয়ের সঙ্গে আলাপকালে মুম্বাই পেসার তাকে এই তথ্য জানান।
অর্জুনের কাছে যুধবীর জানতে চান, তিনি কেমন আছেন? তখনই শচীনপুত্র বাঁ হাত দেখিয়ে জানান, একটি কুকুর তাকে কামড় দিয়েছিল।
দুজনের আলাপে যুধবীর জিজ্ঞাসা করেন, ‘কেমন চলছে, ভাই?’ অর্জুন বাঁ হাতের যন্ত্রণা নিয়ে বলেন, ‘কুকুর কামড় দিয়েছে, গতকাল।’ লখনউ খেলোয়াড় তখন সমবেদনা প্রকাশ করেন।
অবশ্য লখনউর বিপক্ষে অর্জুন খেলেননি। গত ২৫ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষবার মুম্বাইয়ের জার্সিতে দেখা গিয়েছিল তাকে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার দৌড়ে ভালোভাবে টিকে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।