ভালো কিছু হবে বিশ্বাস মাশরাফির

আর মাত্র দুইদিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারই প্রথম এশিয়া কাপটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এশিয়া কাপে নিজেদের বিশেষ কোনও লক্ষ্য স্থির না করলেও অধিনায়ক মাশরাফি জানিয়েছেন, আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে তার দল। মাঠে যথাযথভাবে পরিকল্পনা বাস্তবায়নের দিকেই তাদের পুরো মনোযোগ।

মাশরাফিআফগানিস্তানের কোচ ইনজামাম-উল-হক ও আরব আমিরাতের কোচ আকিব জাবেদ বাংলাদেশ কিংবা ভারতকে এশিয়া কাপের সম্ভাব্য বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। তবে বিষয়টি মাশরাফি ঠিক সেভাবে দেখছেন না। তিনি বলেন, ‘আমরা কখনও কোনও কিছু প্রমাণ করার জন্য ক্রিকেট খেলি না! আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করি; সম্ভাব্য যতকিছু আছে সব জেতার কিংবা ভালো করার চেষ্টা করি। আমাদের আত্মবিশ্বাস অনেক ভালো। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি; আমাদের পরিকল্পনাগুলো আমরা যদি মাঠে বাস্তবায়ন করতে পারি । সেক্ষেত্রে আমি বিশ্বাস করি ভালো কিছু হবে।’

উইকেট কেমন প্রত্যাশা করছেন জানতে চাইলে মাশরাফি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে আইসিসির হাত থাকে। আমার বিশ্বাস, স্পোর্টিং উইকেটই হবে। স্পোর্টিং উইকেট হলে যে পেসাররা ভালো করতে পারবে না, এটা ভুল ধারণা। হয়তো সবাই এক সঙ্গে ভালো করা কঠিন তবে কেউ না কেউ ভালো করবেই। যে দলের বেশিরভাগ খেলোয়াড় ভালো করবে, তাদের জেতার সুযোগ বেশি থাকবে।’দুইদিন পর ভারতের বিপক্ষে লড়াই শুরু হচ্ছে। এশিয়া কাপে লক্ষ্যটা কিভাবে নির্ধারণ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এই দুইদিনে নতুন কোনও কিছুর পরিকল্পনা করছি না। আমরা যা করার গত এক দেড় মাসেই করে ফেলেছি। যা করেছি তার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে। সেগুলো মাঠে বাস্তবায়ন করতে পারলে আমার বিশ্বাস আমরা ভালো করবো।’

গত দেড় বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিদেশি গণমাধ্যমগুলোতেও এটা ফলাও করে প্রকাশ পেয়েছে। এশিয়া কাপে পেস বোলিংকেই মূল শক্তি হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘২০১৫ সালে আমাদের পেস আক্রমণ ভালো হয়েছে। আমার ধারণা ব্যাটসম্যানরাও গত বছর খারাপ করেনি। টি-টোয়েন্টিতে ভালো করতে হলে সব বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে। নির্দিষ্ট একটি জায়গাতে ফোকাস করে এগিয়ে যাওয়া খুব কঠিন। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই আস্থা আছে আমার। সবচেয়ে বড় কথা আমাদের আত্মবিশ্বাস যদি ঠিক মতো থাকে, তাহলে ভালো খেলা সম্ভব হবে।’

/আরআই/এমআর/