আরও বেশি অর্থ পাওয়ার আশায় ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার পরিকল্পনা করেছেন জেসন রয়। ফলে কেন্দ্রীয় চুক্তি বাদ দিয়ে ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাচ্ছেন।
ইসিবির ইনক্রিমেন্টাল চুক্তির আওতায় তিনি ৬০ থেকে ৭০ হাজার পাউন্ড পেতেন। সেই জায়গয় যুক্তরাষ্ট্রে গেলে এক মৌসুমে তার আয় হবে দেড় লাখ পাউন্ড তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার টাকার কিছু বেশি।
অবশ্য এই খবরে এমন গুঞ্জনও ছড়ায় ইংলিশ ওপেনার হয়তো ইংল্যান্ডেই আর খেলবেন না। কিন্তু রয় সেসব উড়িয়ে দিয়ে বলেছেন, ‘সবাইকে পরিষ্কার করে দিতে চাই যে, ইংল্যান্ডের হয়ে খেলা আমার প্রথম প্রাধান্য। বিশেষ করে বিশ্বকাপ যেহেতু সামনে।’
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে রয় আরও বলেছেন, ‘শুধু আমার জন্যই নয়, যে কোনও খেলোয়াড়ের জন্যই দেশের হয়ে খেলতে পারা সর্বোচ্চ সম্মানের।’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিবৃতিতে বলা হয়েছে, ‘রয় আমাদের জানিয়েছে এই গ্রীষ্মের শেষ দিকে সে মেজর লিগ ক্রিকেটে চুক্তিবদ্ধ হতে চায়। ইসিবি এটা নিশ্চিয়তা দিচ্ছে, ভবিষ্যতে এই সিদ্ধান্ত তার টিম সিলেকশনে কোনও প্রভাব ফেলবে না। আমাদের এই বিষয়ে পূর্ণ আস্থা ও আত্মবিশ্বাস আছে জেসন ইংলিশ ক্রিকেটের ওপর পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’
সাদা বলের ক্রিকেটে ইংলিশদের আধিপত্যে অবদান আছে রয়ের। ২০১৯ বিশ্বকাপ জেতা পর্যন্ত দলের নিয়মিত সদস্য ছিলেন। তার পর ফর্ম হারালে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েন তিনি। অক্টোবরে কেন্দ্রীয় চুক্তিতেও তার অবনমন ঘটে ইনক্রিমেন্টাল শ্রেণিতে।
মেজর লিগ ক্রিকেট হওয়ার কথা টি-টোয়েন্টি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেডের মাঝামাঝি সময়। এই সময় রয়কে বিশ্রামে থাকতে বলা হয়েছিল। যেহেতু অক্টোবর-নভেম্বর ভারতে ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু যুক্তরাষ্ট্রে খেলার জন্য ইসিবির চুক্তি বাদ দিয়ে সেপ্টেম্বর পর্যন্ত সেলারি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে রয় নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে আরও অনেক বছর খেলতে চাই। এটাই আমার মূল প্রাধান্য।’
শোনা যাচ্ছে, মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স-ই হতে যাচ্ছে হার্ড হিটিং ওপেনারের গন্তব্য। যার মালিকানায় বলিউড তারকা শাহরুখ খানের ভারতীয় ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্স গ্রুপ। রয় একই মালিকানার দল কলকাতা নাইট রাইডার্সের হয়েও এই আসরে খেলেছেন।