কভেন্ট্রির রেকর্ড ভাঙার পর আক্ষেপে পুড়লেন আরভিন

ইনিংস শেষ হতে তিন বল বাকি, সিঙ্গেল নিয়ে ভাঙলেন ১৪ বছর ধরে দখলে রাখা চার্লস কভেন্ট্রির রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে জিম্বাবুয়ান ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের চূড়ায় ক্রেইগ আরভিন। 

কিন্তু ডাবল সেঞ্চুরির কীর্তি গড়ার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইলেন না। তাই নন স্ট্রাইকে থেকেও ঝুঁকি নিলেন ব্যাটিংয়ে যাওয়ার। আমির জামালের পঞ্চম বলটি ওয়াইড হয়ে উইকেটকিপারের হাতে দেখেও দৌড় দিলেন, পপিং ক্রিজে পৌঁছানোর আগেই ভেঙে গেলো স্টাম্প। মাত্র ৫ রানের জন্য হলো না ডাবল সেঞ্চুরি।

পাকিস্তান শাহিন্সের বিপক্ষে জিম্বাবুয়ে সিলেক্টের হয়ে আক্ষেপে পুড়লেও দারুণ এক কীর্তিতে সমহিমায় ভাস্বর আরভিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন তার ১৯৫ রানই জিম্বাবুয়ের কোনও ব্যাটারের সর্বোচ্চ। ১৪৮ বল খেলে ২২ চার ও ৫ ছয়ে এই রান আরভিনের।

দুই যুগেরও বেশি সময় ধরে কভেন্ট্রির কাছে অক্ষত রেকর্ডটি ভেঙে ফেললেন আরভিন। ২০০৯ সালের আগস্টে বুলাওয়েতে বাংলাদেশের বিপক্ষে ১৫৬ বলে ১৬ চার ও ৭ ছয়ে ১৯৪ রানে অপরাজিত ছিলেন কভেন্ট্রি। আর ৫টি রান করলে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানের মর্যাদা পেতেন আরভিন।

হারারেতে শনিবার ষষ্ঠ আনঅফিসিয়াল ওয়ানডেতে এই কীর্তি গড়েন জিম্বাবুয়ে সিলেক্টের এই টপ অর্ডার ব্যাটার। তার সঙ্গে ইনোসেন্ট কাইয়ার ৯২ রানের ইনিংস স্বাগতিকদের এনে দেয় ৭ উইকেটে ৩৮৫ রানের বিশাল সংগ্রহ।