গত এক মাস ধরে বাংলাদেশের বৃহত্তম বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপের বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট টর্নেডো টি-টোয়েন্টির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী চলা এই টুর্নামেন্টে শপআপের আওতাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে অংশ নেয় চারটি দল। এরপর মোকাম ওয়ারিয়র্স ও রেডএক্স গ্লাডিয়েটর্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয় রেডএক্স।
পুরো টুর্নামেন্টটি দক্ষ পেশাদারিত্বের সঙ্গে আয়োজন করা হয়েছে। ফাইনালে প্রিয় দলের সমর্থনে প্রায় ৪০০ সমর্থক মাঠে উপস্থিত ছিলেন। প্রতিটি ম্যাচই ইউটিউবে ধারাভাষ্যসহ লাইভ স্ট্রিমিং করা হয়েছে। তাছাড়া ম্যাচগুলো পরিচালিত হয়েছে বিসিবির আম্পায়ারদের মাধ্যমেও।
টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে রেডএক্সের মো. সাজ্জাদ হোসেন শাকিল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শপআপ পিপল অ্যান্ড কালচারের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ বলেছেন, ‘টুর্নামেন্ট জুড়ে কর্মীদের সপ্রতিভ অংশগ্রহণে আমরা আনন্দিত। শপআপ টর্নেডো টি-টোয়েন্টি শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের মধ্যে থাকা ক্রিকেট প্রতিভাকেই ফুটিয়ে তোলেনি বরং বন্ধুত্ব ও দলগত বোধও গড়ে তুলেছে। আমরা সমস্ত অংশগ্রহণকারী দলকে ধন্যবাদ জানাই এবং রেডএক্স গ্ল্যাডিয়েটর্সকে তাদের প্রাপ্য জয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের কর্মীদের জন্য টর্নেডো টি-টোয়েন্টির আগামী আসরকে আরও বেশি আকর্ষণীয় ও উপভোগ্য করে তুলতে চাই।’