সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের কোচিং স্টাফ হিসেবে আরও দুজনকে নিযুক্ত করা হলো। নতুন সাদা বলের প্রধান কোচ ড্যারেন স্যামির সহকারী হয়েছেন সাবেক দুই উইন্ডিজ অধিনায়ক কার্ল হুপার ও ফ্লয়েড রেইফার। নিউ জিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনও সহকারী কোচ হয়েছেন।
১০২ টেস্ট ও ২২৭ ওয়ানডে খেলা হুপার বিভিন্ন পর্যায়ে ক্যারিবিয়ান ও অস্ট্রেলিয়ায় কোচিং করেছেন। এখন অস্ট্রেলিয়ায় থিতু হওয়া সাবেক এই ক্রিকেটার ২০২২-২৩ অস্ট্রেলিয়ান সামারে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচ ছিলেন। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এন্টিগা হকবিলস ও গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে কাজ করেছেন। বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের মেন্টরও ছিলেন হুপার।
ছয় টেস্ট, আট ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলা রেইফার ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ও সিনিয়র পুরুষ দলেও কোচের ভূমিকায় দেখা গেছে তাকে। এছাড়া ২০২১ সালে পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন। সিপিএলে জ্যামাইকা তাল্লাওয়াসেরর হেড কোচের দায়িত্ব পালন করেছেন।
ফ্রাঙ্কলিন নিউ জিল্যান্ডের হয়ে ৩১ টেস্ট, ১১০ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন। তার কোচিং অভিজ্ঞতাও ভেশ ভালো। ইংলিশ কাউন্টি সাইড ডারহামের প্রধান কোচ ছিলেন। পুরুষদের হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্সের সহকারী কোচ এবং আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের ফিল্ডিং কোচ ছিলেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, নতুন সহকারী কোচদের স্বল্প মেয়াদে চুক্তি করেছে তারা। ২০২৩ সালের আগস্টে ভারত সিরিজের পর তাদের কাজের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।