ভারতের বিপক্ষে বুধবার হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বোলিং লাইন আপ চূড়ান্ত করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। একিলিস ও সাইড ইস্যুতে এই ম্যাচ থেকে ছিটকে যাওয়া সিমার জশ হ্যাজেলউডের জায়গায় কে ঢুকছেন, সেটাই ছিল প্রশ্ন। ১৫ জনের দলে তার স্থলাভিষিক্ত করা হয়েছিল মাইকেল নেসারকে। কিন্তু তাকে টপকে একাদশে খেলছেন স্কট বোল্যান্ড।
মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়া তাদের একাদশে বোল্যান্ডকে নিশ্চিত করেছে। অবশ্য পুরো একাদশ ঘোষণা করেননি কামিন্স। সাংবাদিকদের শুধু জানালেন, বাকি দলে আর কোনও চমক নেই।
যোগ্যতা দিয়েই ফাইনালের একাদশে নাম লিখলেন বোল্যান্ড। টেস্ট ক্যারিয়ারের প্রথম সাত ম্যাচে মাত্র ১৩.৪২ গড়ে ২৮ উইকেট নেন তিনি। এই প্রথমবার ইংল্যান্ডের মাটিতে বল করতে যাচ্ছেন বোল্যান্ড।
ধারণা করা হচ্ছে, টপ অর্ডারে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকেই। মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ তিন ও চার নম্বরে ব্যাট করবেন। ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারিও থাকবেন তিন পজিশনে। বোলিং বিভাগে কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও বোল্যান্ড।