শ্রীলঙ্কার বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই ম্যাথুজ

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই খেলতে শুক্রবার ১৫ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে বাদ দিয়েছে তারা।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১ বলে মাত্র ১২ রান করেন ম্যাথুজ। হাম্বানটোটায় ম্যাচটি হেরে যায় শ্রীলঙ্কা। তিন ওয়ানডের সিরিজের শেষ দুটি ম্যাচে বাদ পড়েন ৩৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার। জায়গা হলো না বিশ্বকাপের বাছাইয়ের দলেও।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দুই বছরেরও বেশি সময় পর এই ফরম্যাটে খেলতে নামা দিমুথ করুণারত্নে পরীক্ষায় পাস করেছেন। আফগান সিরিজের শেষ দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি ছিল তার। তাতে বিশ্বকাপ বাছাইয়ের দলেও জায়গা ধরে রাখলেন ৩৫ বছর বয়সী ব্যাটার। ইংল্যান্ড বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

আগামী ১৯ জুন বুলাওয়েতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুরু হবে শ্রীলঙ্কার বিশ্বকাপ বাছাই। পরের তিন ম্যাচ ওমান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, মাহিশ ঠিকশানা, মাথিশা পাথিরানা, দুশান হেমন্ত।