শারজায় বিশ্বকাপ বাছাইয়ের আগে দারুণ সময় পার করলো ওয়েস্ট ইন্ডিজ। সংযুক্ত আরব আমিরাতকে তৃতীয় ওয়ানডেতেও পাত্তা দিলো না। শুক্রবার ৪ উইকেটে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো উইন্ডিজ।
প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর আমিরাত ব্যাটিংয়ে দারুণ সূচনা করেছিল। ভৃত্য অরবিন্দের হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১৪২ রান করে দলটি। তারপরই সব এলোমেলো। ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৮৪ রানেই অলআউট তারা।
তৃতীয় ওভারে ১৮ রানে ওপেনার লাভপ্রীত সিং (৩) মাঠ ছাড়েন। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও ভৃত্য হাল ধরেন। তাদের জুটি ভেঙে যায় ৬৯ রানে। ৮ রানের জন্য ওয়াসিম (৪২) হাফ সেঞ্চুরি করতে পারেননি।
এরপর রমিজ শাহজাদের সঙ্গে শক্ত প্রতিরোধ গড়েন ভৃত্য। ৫৫ রান যোগ করেন দুজনে। রমিজ (২৭) ফিরে যাওয়ার পর শুরু ব্যাটিং ধস। ৪২ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারায় আমিরাত। ভৃত্য ৭৫ বলে ৮ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৭০ রান করেন। ৩৭তম ওভারের প্রথম বলে গুটিয়ে যায় স্বাগতিকরা।
উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন কেভিন সিনক্লেয়ার।
লক্ষ্যে নেমে অভিষেক ম্যাচেই উজ্জ্বল আলিক আথানেজ। ২৬ বলে ৭ চার ও ৩ ছয়ে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসান উইন্ডিজ ওপেনার। ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলার পথে আরও দুটি বাউন্ডারি হাঁকান আথানেজ। শামারাহ ব্রুকসের সঙ্গে ৬৬ রানের জুটিতে ১৫ ওভারেই দলীয় স্কোর একশ ছাড়ানোর পর থামেন তিনি।
পরে দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় উইন্ডিজ। ২৬তম ওভারে কার্তিক মেয়াপ্পন পরপর কিসি কার্টি ও কাভেম হজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন। রেমন রেইফার তাকে ব্যর্থ করেন সিঙ্গেল নিয়ে।
অধিনায়ক রোস্টন চেজ ২৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান। ব্রুকস ৩৯ ও কার্টি ২০ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ৩৫.১ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান করে উইন্ডিজ।
আগামী ১৮ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারারেতে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাই। গ্রুপের ম্যাচে আরও খেলবে নেপাল, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের সঙ্গে।