অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৪৬৯ রান। ট্র্যাভিস হেড আর স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। আজিঙ্কা রাহানে ছাড়া আর কেউ সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিতে পারেননি। প্রথম ইনিংসে টালমাটাল ভারতের ব্যাটিং লাইন, তারই মাশুল দিতে হলো ২০৯ রানের হারে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আবারও হারের গল্প লিখলো ভারত। ২০২১ সালে নিউ জিল্যান্ডের কাছে হেরেছিল। এবার তাদেরই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার কাছে।
প্রথম ইনিংসে ভারত ২৯৬ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ২৭০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে ৪৪৪ রানের কঠিন লক্ষ্য পায় ভারত। শেষ দিনে মাঠে নামার আগে সেই ব্যবধান তারা নামিয়ে এনেছিল ২৮০ রানে, হাতে ছিল ৭ উইকেট। জেতা অসম্ভব ছিল না। কিন্তু রবিবার প্রথম সেশন শেষ হওয়ার আগেই আর ৭০ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় তারা।
দলের এই ব্যর্থতার পরও খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় তৃপ্তি খুঁজে পাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ‘আমার মনে হয় টস জিতে আমরা ভালো শুরু করেছিলাম, এমন কন্ডিশনে তাদের ব্যাটিংয়ে পাঠিয়ে। প্রথম সেশনে আমরা ভালো বল করেছিলাম, তারপর আমরা আমাদের বোলিং দিয়ে নিজেদের সর্বনাশ করলাম। অস্ট্রেলিয়ান ব্যাটারদের কৃতিত্ব দিতে হয়। হেড এসে স্টিভ স্মিথের সঙ্গে সত্যিই ভালো খেলেছে।’
হেড ও স্মিথের ২৮৫ রানের জুটিই ভারতকে ডুবিয়েছে বললেন ভারতীয় ওপেনার, ‘ওই জুটিই আমাদের ম্যাচ থেকে সরিয়ে দিয়েছে। আমরা জানতাম ঘুরে দাঁড়ানো কঠিন। কিন্তু আমরা ভালো সামর্থ্য দেখিয়েছি। শেষ পর্যন্ত লড়েছি আমরা। চার বছর ধরে আমরা কঠিন পরিশ্রম করেছি। দুটি ফাইনাল খেলা সত্যিই আমাদের জন্য দারুণ অর্জন। কিন্তু আমাদের আরও এক ধাপ এগিয়ে থাকতে হবে। এখানে আসতে গত দুটি বছর আমরা যা করেছি, সেটার কৃতিত্ব দিতেই হবে। পুরো দলের দারুণ প্রচেষ্টা ছিল। দুর্ভাগ্যবশত আমরা ফাইনাল জিততে পারলাম না, কিন্তু আমরা আমাদের মাথা উঁচু রেখে লড়ে যাবো।’