আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আগামীকাল বুধবার মাঠে নামছে বাংলাদেশ। এই টেস্টের আগে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ইনজুরির কারণে একদিকে নেই সাকিব আল হাসান, আরেকদিকে আশঙ্কা ওপেনার তামিম ইকবালকে নিয়ে। আর পেসার তাসকিন আহমেদের অবস্থা আগের চেয়ে ভালো হলেও তাকে খেলানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সবকিছু মিলিয়ে কিছুটা অস্বস্তিতেই বাংলাদেশের ক্যাম্প।
হুট করেই তামিমের পুরোনো পিঠের ব্যথা মাথা চাড়া দিয়ে উঠেছে। ব্যথা নিয়েই গত কয়েকদিন অনুশীলন করেছেন। কিন্তু অনুশীলনে অস্বস্তিবোধ করতে দেখা গেছে দেশসেরা এই ওপেনারকে। আগের চেয়ে উন্নতি হলেও ম্যাচ খেলার মতো স্বস্তিদায়ক নয় বর্তমান অবস্থা।
মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে সকালে ইনডোরের আউটারে যান তামিম। সেখানেই চলে তার ব্যাটিং প্রস্তুতি। নেটে বিশ মিনিটের মতো ব্যাটিং করেন বাঁহাতি ব্যাটার। ফ্রন্ট ফুটে স্বস্তি নিয়ে ব্যাটিং করলেও ব্যাকফুটে ছিল জড়তা। বলার অপেক্ষা রাখে না, পিঠের চোটের কারণেই এই সমস্যা হচ্ছিল।
শুধু ব্যাটিং করে ড্রেসিংরুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফিল্ডিং অনুশীলনে নামেন তামিম। ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমেটকে নিয়ে চলে তার গ্রাউন্ড ফিল্ডিং ও ক্যাচ অনুশীলন। সেখানেও বেশি জোর দেননি। বল থ্রো করেছেন কোনোরকম জোর ছাড়া। নাগালের বাইরে উঁচু ক্যাচও নেওয়ার চেষ্টা করেননি তিনি। আগের চেয়ে তামিমের ব্যাটিং-ফিল্ডিং কিছুটা স্বস্তিদায়ক হলেও টেস্ট খেলার মতো পর্যাপ্ত ফিট কিনা সেটি নিয়ে সংশয় আছে। এই মুহূর্তে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেছেন, ‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। সে একদিন আগেও অনুশীলন করেছে তখন সে কয়েকটি ক্ষেত্রে, ব্যাটিং-ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করেছে। তাই আজ (মঙ্গলবার) সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’
তবে হাথুরুসিংহে স্পষ্ট করে কিছু না বললেও তামিমের ঢাকা টেস্টে না খেলাটা একপ্রকার নিশ্চিতই। তার বদলে জাকির হাসানকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। সঙ্গী হিসেবে থাকতে পারেন মাহমুদুল হাসান জয়। এই দুইজনেক নিয়ে দীর্ঘ সময় কাজ করতে দেখা গেছে হাথুরুসিংহকে।
তাসকিনের ব্যাপারে লঙ্কান কোচ বলেছেন, ‘তাসকিন খুব ভালো অবস্থানে আছে। এই মুহূর্তে তার কোনও ইনজুরি নেই। শারীরিকভাবে ভালো অবস্থায় আছে। আমরা যদি তাকে প্রয়োজন মনে করি, তাহলে সে খেলতে প্রস্তুত আছে। টানা বোলিং করাটা তার জন্য কিছুটা দুশ্চিন্তার বিষয় হতে পারে। আজকের অনুশীলন আমরা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবো।’