আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে আফিফ-নাঈম

টেস্ট শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ড সফরের দল থেকে বাদ পড়া আফিফ হোসেন। দুই বছর পর দলে ফিরেছেন নাঈম শেখও।  

চেমসফোর্ডে খেলা আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজ থেকে স্কোয়াডে তিনটি পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে তাসকিন ফেরায় বাদ পড়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ইয়াসির আলী চৌধুলী রাব্বিকে বাদ দিয়ে নেওয়া হয়েছে আফিফ হোসেনকে। টপ অর্ডারের জন্য রনি তালুকদারও ইংল্যান্ডে গিয়েছিলেন। আসন্ন সিরিজে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় নেওয়া হয়েছে আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে থাকা নাঈম শেখ। গত মৌসুমে ঢাকা লিগে ১৬ ইনিংসে ৯৩২ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি ছাড়াও ছিল ১০টি হাফ সেঞ্চুরি। তাছাড়া দুটি আন্তর্জাতিক ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। এর মধ্যে একটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে ১ রান করেছিলেন। নাঈম শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মে মাসে।  

আবাহনীর জার্সিতে আফিফেরও গত মৌসুমটা ভালো কেটেছিল। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের মাঝ পথেই দল থেকে বাদ পড়েছেন। সিলেট থেকে সোজা ঢাকায় এসে প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় কাটান তিনি। ১১০.৬৬ স্ট্রাইকরেটে ১ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে করেছেন ৫৫০ রান। 

টেস্ট সিরিজ শেষে আফগানিস্তান দল চলে যাবে ভারত সফরে। আগামী ২ জুলাই বাংলাদেশে ফিরে সোজা চট্টগ্রামে চলে যাবে তারা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তার পর সিলেটে ১৪ ও ১৬ জুলাই হবে টি-টোয়েন্টি।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নাইম শেখ, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।