বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সংশয় কাটেনি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেলে হতে যাচ্ছে এশিয়া কাপ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পিসিবির প্রস্তাব মেনে নেওয়ায় একটা ধারণা জন্মেছিল ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তান নিশ্চিতভাবেই অংশ নেবে। কিন্তু পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির কথায় মনে হচ্ছে, সংশয় কাটেনি এখনও।

ওয়ানডে বিশ্বকাপের যে খসড়া সূচি দেখা গেছে, তাতে উদ্বোধনী (৫ অক্টোবর) ম্যাচের দশ দিন পর আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু নাজাম শেঠি সাফ জানিয়ে দিয়েছেন, স্বপ্নের দ্বৈরথটি মাঠে গড়াতে হলে পিসিবির প্রথমে প্রয়োজন সরকারি অনুমতির। শুক্রবার সংবাদ সম্মেলনে নাজাম শেঠি বলেছেন, ‘আসলে ভারত, পাকিস্তানের বিষয়ে পিসিবি কিংবা বিসিসিআই কোনও সিদ্ধান্ত নিতে পারে না। সংশ্লিষ্ট সরকার প্রধানরাই পারবে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে।’

ভারতের উদাহরণ টেনে শেঠি বলেছেন, ‘আসলে সিদ্ধান্তটা নির্ভর করছে আমাদের সরকারের ওপর। যেমনটা ভারতের বেলা হয়ে থাকে। ওদের সরকার সিদ্ধান্ত নেয় কখন তারা খেলতে যাবে। তাই আহমেদাবাদে খেলতে যাবো কিনা এ বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করে লাভ নেই।’

জানা গেছে, গত মাসে আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস ও চেয়ারম্যান গ্রেগ বার্কলে যখন করাচি সফর করেছিলেন। তখন সিদ্ধান্ত হয়েছিল বিশ্বকাপে যেতে পাকিস্তান কোনও শর্ত রাখবে না। যেহেতু এশিয়া কাপের আয়োজক হওয়ায় চারটি ম্যাচ পাকিস্তান ঘরের মাঠে আয়োজন করতে পারবে। কিন্তু শেঠি এখন নিরাপত্তা সংক্রান্ত ইস্যুটিও সামনে নিয়ে এসেছেন, ‘আমরা আইসিসিকে বলেছি যদি আমাদের সরকার নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেয় এবং অনুমতি দেয়। তাহলে ভারতে খেলতে যেতে পারবো। যদি তারা সবুজ সঙ্কেত না দেয়, তাহলে আমরা কীভাবে ভারতে খেলতে যাবো?’   

অবশ্য শেঠির কথায় দ্বিমুখিতাও প্রকাশ পেয়েছে। একবার সরকারের অনুমতির কথা বললেও আবার বলেছেন, ‘সরকার অনুমতি দিলেও আমাদের দেখতে হবে কোন ভেন্যুতে খেলা পড়েছে। তার পর সিদ্ধান্ত নিতে হবে। তবে সবার প্রথমে সরকারি অনুমতি প্রয়োজন।’