উইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট দলে জয়সওয়াল-রুতুরাজ

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় ও মুকেশ কুমার। বাদ পড়েছেন চেতেশ্বর পুজারা, মোহাম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

স্কোয়াডে ফাস্ট বোলার নবদীপ সাইনির প্রত্যাবর্তন হয়েছে। উমেশ যাদবের জায়গা হয়নি।

জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাত্র ১৪ ও ২৭ রান করেন পুজারা। উইন্ডিজ সফর থেকে ৩৫ বছর বয়সী ব্যাটার বাদ পড়ায় তিন নম্বরে নতুন কাউকে দেখা যাবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারতের প্রথম সিরিজে এই পজিশনে জয়সওয়াল কিংবা রুতুরাজকে দেখা যেতে পারে।

১৫ মাস পর ফাইনাল দিয়ে টেস্টে ফেরা আজিঙ্কা রাহানে ওভালে সর্বোচ্চ রান করে জায়গা ধরে রেখেছেন। তাকে সহঅধিনায়কও করা হয়েছে। মুকেশের সঙ্গে জয়সওয়াল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের দলে স্ট্যান্ড বাই হিসেবে যুক্ত ছিলেন। রুতুরাজ বিয়ের কারণে ওই স্কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

আগামী ১২ জুলাই ডমিনিকায় প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ পোর্ট অব স্পেনে ২০ জুলাই। ২০১৯ সালে ২-০ তে সিরিজ জেতার পর প্রথমবার ক্যারিবিয়ানে টেস্ট খেলতে যাচ্ছে ভারত।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, শ্রীকর ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, ইশান কিষাণ (উইকেটকিপার), নবদীপ সাইনি।