আয়ারল্যান্ডের বিপক্ষে এই বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাস গড়ে ওমান। প্রথমবার কোনও আইসিসির পূর্ণ সদস্য দেশকে ওয়ানডেতে হারায় তারা, এরপর সংযুক্ত আরব আমিরাতকেও পাত্তা দেয়নি। কিন্তু শ্রীলঙ্কাকে চমকে দিতে পারেনি ওমান। ব্যাটিংয়ে অসহায় আত্মসমর্পণের পর তিন ম্যাচে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো তারা।
আরব আমিরাতের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপে ওঠার মিশন শুরু করা শ্রীলঙ্কা কোনও উইকেট না হারিয়ে ওমানের বিপক্ষে জিতেছে। শুক্রবার আবারও ঘূর্ণি জাদু দেখান ওয়ানিন্দু হাসারাঙ্গা। আগের ম্যাচে ৬ উইকেট নেন তিনি। এবার পেয়েছেন একটি কম। তাতে ৯৮ রানে অলআউট ওমান। জবাবে দিমুথ করুণারত্নে অপরাজিত হাফ সেঞ্চুরিতে ১৫ ওভারে ১০০ রান করে ১০ উইকেটে জিতে গেছে শ্রীলঙ্কা।
ব্যাটিংয়ে নেমে দশম ওভারে ২০ রানে ৪ উইকেট হারায় ওমান, যার তিনটিই নেন লাহিরু কুমারা। এরপর যতীন্দর সিং ও আয়ান খানের প্রতিরোধ। ৫২ রান যোগ করেন তারা।
যতীন্দরকে (২১) ফিরিয়ে ব্যাটিং ধসের শুরু করেন হাসারাঙ্গা। একই ওভারে শোয়েব খান ও জয় ওদেদ্রাকে ফেরান লঙ্কান স্পিনার। পরে আরেক স্পেলে টানা দুই ওভারে ওমানের শেষ দুটি উইকেট নেন হাসারাঙ্গা। ২৬ রানে শেষ ছয় উইকেট হারায় ওমান।
৭.২ ওভারে ১৩ রান দিয়ে ৫ উইকেট নেন হাসারাঙ্গা। তিনটি উইকেট পেয়েছেন লাহিরু। ওমানের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আয়ান।
লক্ষ্যে নেমে করুণারত্নে ৫১ বলে ৮ চারে ৬১ রানে অপরাজিত থেকে দলের সহজ জয়ে অবদান রাখেন। ৩৯ বলে আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা ৩৭ রানে অপরাজিত ছিলেন।
বাছাইয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে ওমান।