গত বছর করাচিতে পাঁচ উইকেট নিয়ে অভিষেক টেস্ট স্মরণীয় করেন রেহান আহমেদ। এজবাস্টনে ইনজুরি আক্রান্ত মঈন আলীর বিকল্প হিসেবে এই ১৮ বছর বয়সী লেগস্পিনারকে অ্যাশেজ স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
রেহান এমন সময়ে ডাক পেলেন, যখন এই বছরের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে বোলিংয়ে তেমন একটা সাফল্য নেই তার। ১০ ম্যাচে ৬৭.৬৬ গড়ে মাত্র ছয় উইকেট নেন। তবে ব্যাটিংয়ে চার হাফ সেঞ্চুরিতে ৩৮.৪৫ গড়ে ৪২৩ রান করেছেন।
ইংল্যান্ডের মূল স্পিনার জ্যাক লিচ ইনজুরিতে পড়ে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যান। তার বদলে টিম ম্যানেজমেন্টের অনুরোধে ২১ মাসের অবসর ভেঙে টেস্টে ফেরেন মঈন। ২০৪ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। তবে ডানহাতের মধ্যমা আঙুলে ব্যথা নিয়ে খেলতে হয়েছে। ম্যাচের মাঝে হাত শুকনো রাখতে স্প্রে লাগানোয় গুনতে হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা।