‘বি’ গ্রুপ সেরা হয়েই সুপার সিক্সে শ্রীলঙ্কা 

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সম্ভাবনা আরও জোরালো করেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৮২ রানে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে যাচ্ছে। 

ওপেনার পাথুম নিসাঙ্কার ৭৫ ও চারিথ আসালাঙ্কার ৬৩ রানে ভর করে ২৪৫ রান করতে পারে লঙ্কানরা। তাদের দ্রুত বেঁধে ফেলতে বড় কৃতিত্ব ছিল লেগ স্পিনার ক্রিস ক্রিভসের। ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন। মার্ক ওয়াটও নেন ৫২ রানে ৩ উইকেট। 

জবাবে ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে খেই হারায় স্কটল্যান্ড। বল হাতে দারুণ নৈপুণ্য দেখানো গ্রিভস ব্যাট হাতেও ৫৬ রানে অপরাজিত ছিলেন। কিন্তু তার বীরত্ব বৃথা যায় শেষ পর্যন্ত। স্কটল্যান্ড ২৯ ওভারে লঙ্কান স্পিনের সামনে ১৬৩ রানে অলআউট হয়েছে। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন অফস্পিনার মাহিশ থিকশানা। ম্যাচসেরাও তিনি। ৪২ রানে দুটি নিয়েছেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। একটি করে নিয়েছেন কাসুর রাজিথা, লাহিরু কুমারা ও দাসুন শানাকা।   

এই জয়ে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা ‘বি’ গ্রুপ থেকে সেরা হয়ে সুপার সিক্স শুরু করবে। লঙ্কানরা পরের পর্বে যাচ্ছে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে। হারের স্বাদ পাওয়া স্কটল্যান্ডও এই গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। 

সুপার সিক্স পর্ব শুরু হবে বৃহস্পতিবার। এই পর্বের শীর্ষ দুই দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।