আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজকে সামনে রেখে ঈদের ছুটির আগে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঈদের ছুটি শেষ করে ফের শুরু হয়েছে ক্রিকেটারদের কর্মযজ্ঞ। চট্টগ্রামে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা শনিবার সকালে ঢাকা ছেড়েছেন। এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেটারদের প্রস্তুতি শুরু হয়েছে। ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করেছেন তারা। অন্যদিকে, শনিবার সকালে ঢাকায় পা দেওয়া আফগানিস্তানের আজ রাত ৮টায় চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।
বন্দর নগরী চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের সিরিজের প্রথমটি শুরু হবে ৫ জুলাই। তার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে ৩ দিনের সময় পাবেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি গুরুত্বপূর্ণ তামিম ইকবালদের জন্য। ওয়ানডে ফরম্যাটে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ জয়ের অভ্যাস ধরে রাখতে পারলে বিশ্বকাপে দারুণ কিছুই হবে। সেই লক্ষ্যেই হাথুরুসিংহের শিষ্যরা প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, ওয়ানডে অধিনায়ক তামিম ঈদুল আযহা উদযাপন করেছেন চট্টগ্রামে নিজ বাড়িতে। ফলে দল শনিবার সকালে চট্টগ্রামে গেলেও তামিম আগে থেকেই সেখানে ছিলেন। তামিম ছাড়া দলের বাকি ক্রিকেটাররা একসঙ্গে বিমানযোগে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন। শুধু ক্রিকেটাররাই নন, সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছাড়া জাতীয় দলের সব কোচিং স্টাফ একই বিমানে চট্টগ্রাম পৌঁছেছেন।
৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সিলেটে হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।