পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিনের বিকল্প দেখছেন না তামিম

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু ইনজুরির সাথে লড়াই করতে করতে ক্লান্ত তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন সাইফউদ্দিন। এরপর বিচ্ছিন্নভাবে বেশ কিছু ম্যাচ খেললেও ইনজুরি তাকে আশাহত করেছে। চোটের কারণে স্বাভাবিক ছন্দও হারিয়েছেন তিনি। সাইফউদ্দিন ছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডলের মতো বেশ কয়েকজন তরুণ পেস বোলিং অলরাউন্ডার এখন আছে বাংলাদেশে। কিন্তু তামিম মনে করেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিনের বিকল্প কেউ নেই।

বিশ্বকাপে ভারতের কন্ডিশনে দলে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে দলের জন্য ভালো হতো। কিন্তু তেমন কেউ না থাকায় ভীষণ হতাশ অধিনায়ক তামিম ইকবাল, ‘কখনও এমন কন্ডিশন আসে, যেখানে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে ভালো হয়। তবে সত্যি বলতে পেস বোলিং অলরাউন্ডার দরকার, কিন্তু কে? এটাও একটা প্রশ্ন। যারা দলের সাথে নেই ওদের কথা যদি চিন্তা করি..।’

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কেবল সাইফউদ্দিনকেই মনে ধরেছে তামিমের, ‘সাইফউদ্দিন একটা অপশন, কিন্তু সে এ মুহূর্তে ইনজুরিতে আছে। এমনকি ঘরোয়া সার্কিটেও এমন কেউ নেই যে নিয়মিত পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ভালো করছে। একজন ব্যাটার যে টুকটাক বল পারে এমন একটা অপশন আছে। সাইফউদ্দিনকেই ধরি একমাত্র, যে দুইদিকেই সমান, তাও সে বোলিং অলরাউন্ডার। যেহেতু সে এখন ফিট নেই তাকে বিবেচনা করা কঠিন। এ মুহূর্তে যে বিকল্প আছে সেগুলো নিয়েই আমরা চিন্তা করছি। এরকম থাকলে ভালো হতো। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো করছে এমন তিন জন যদি না থাকে, একজনকে বেছে নেওয়া কতটা যৌক্তিক আমি জানি না।’