২৪ ঘণ্টা আগেও ঘুণাক্ষরে কেউ ভাবতে পারেননি ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন তামিম ইকবাল। তার এই ঘোষণার পর সতীর্থ থেকে শুরু করে বিসিবি, ক্রিকেটভক্তরা হতভম্ব। কেউই তামিমের এমন বিদায় মানতে পারছেন না। সতীর্থরা আগের দিন আবেগের বন্যায় ভাসলেও টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন চুপ। শুক্রবার সকালে তামিমকে নিয়ে পোস্ট করেছেন তিনি। সেখানে পুরোনো দিনের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে তামিম আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানার ঘোষণা দেন। তার এই অবসরের সিদ্ধান্ত নিয়ে সাকিব আবেগপ্রবণ হয়ে উঠেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা এই দুই ক্রিকেটারের বন্ধুত্বের খবর কারও কাছেই অজানা নয়। যদিও অতীতের সেই বন্ধুত্বে এখন ফাঁটল ধরেছে। সাকিবের পোস্টে পুরোনো সেই সুখের দিন ফিরে এলো।
শুরুতেই সাকিব স্মৃতিরোমন্থন করে লেখেন, ‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ ও আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে। একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম- আমাদের দেশের জন্য জয়লাভ করতে।’
দেশের জার্সিতে ৩৮৯ ম্যাচে ১৫ হাজার ২০৫ রান চাট্টিখানি কথা নয়। তামিম এই বর্ণিল রেকর্ডের মালিক। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি ছাড়াও ৯৪ হাফ সেঞ্চুরি আছে তার। তামিমের রেকর্ড নিয়ে সাকিব লিখেছেন, ‘তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।’
মাঠের লড়াইয়ে তামিমকে ভীষণ মিস করবেন সাকিব, ‘তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে... কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখবো, তখন তোমার আগুন আমাদের সবার ভেতরে জ্বলবে।’
সবশেষে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে শেষ করেন সাকিব, ‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলি উপভোগ করো।’