ক্রীড়াঙ্গনে দারুণ সাফল্য পাওয়া ক্রীড়াবিদদের মূর্তি হরহামেশাই শোভা পেয়ে থাকে। ২০১১ সালের পর নেদারল্যান্ডসকে ওয়ানডে বিশ্বকাপে তুলতে যা করলেন অলরাউন্ডার বাস ডি লিড, তাতে তার একটি মূর্তি তৈরির দাবি জানালেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বৃহস্পতিবার নেট রান রেটের কঠিন সমীকরণ মাথায় নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৪ ওভারের মধ্যে ২৭৮ রানের লক্ষ্য ছুঁয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ডস। সামনে থেকে অবদান রাখেন ডি লিড। সাত চার ও পাঁচ ছয়ে ২৩ বছর বয়সী ব্যাটার করেন ১২৩ রান। তার আগে বল হাতে নেন ৫ উইকেট।
ডি লিডের এই অলরাউন্ডার পারফরম্যান্সে মুগ্ধ এডওয়ার্ডস, ‘এটা দেখা ছিল অবিশ্বাস্য। এই দল এক কথায় অসাধারণ। আমরা যে দল নিয়ে এসেছি, তাতে আমাদের আত্মবিশ্বাস ছিল। এমনকি যে ম্যাচগুলো হেরেছিলাম তাতেও আমরা ভালো খেলেছিলাম।’
পঞ্চম উইকেটে সাকিব জুলফিকারের সঙ্গে ১১৩ রানের জুটিতে রোমাঞ্চকর জয় এনে দেন ডি লিড। দুজনের প্রশংসা করলেন ডাচ অধিনায়ক, ‘অবিশ্বাস্য ব্যাটিং করেছে বাস ও সাকিব। এই মানুষটার (ডি লিড) একটা মূর্তি তৈরি করা হোক- পাঁচ উইকেট এবং ১২০ এর বেশি রান। সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়, আমরা সবসময় এটা জানতাম। এমন পারফরম্যান্স তার প্রথম নয়, শেষও নয়।’