বিশ্বকাপে ভারত ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না বাবর

ভারতে হতে যাচ্ছে বিশ্বকাপ। সাত বছরে প্রথমবার দেশটিতে খেলবে পাকিস্তান। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে তাদের হাইভোল্টেজ ম্যাচ, যাকে ঘিরে আলোচনা তুঙ্গে। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে হতে যাওয়া এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।

লিগ পদ্ধতিতে এবারের বিশ্বকাপে প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলবে। বাবর প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন, এমনকি ভারতের সঙ্গে খেলাকেও।

আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ১২ অক্টোবর একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ কোয়ালিফায়ারে রানার্সআপ। এই দুটি দল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। তারপরই পাকিস্তান ও ভারতের ম্যাচ।

বাবর ভারত ম্যাচ নিয়ে বললেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, শুধু ভারতের বিপক্ষেই আমরা খেলবো না। আরও আট দল আছে এবং প্রতিপক্ষ শুধু ভারতই নয় যে তাদের হারাতে পারলেই আমরা ফাইনালে উঠবো। আমাদের চোখ কেবল একটি দলেই নয়, টুর্নামেন্টের অন্য দলগুলোকে নিয়েও আমাদের মনোযোগ। আমাদের পরিকল্পনা হলো তাদের সবার বিপক্ষে ভালো খেলতে হবে এবং জিততে হবে।’

বিশ্বকাপে পাঁচটি ভিন্ন শহরে খেলবে পাকিস্তান। কন্ডিশনে কোনও পরিবর্তন হলেও তা মানিয়ে নিতে প্রস্তুত থাকবে দল, বললেন বাবর।

পাকিস্তানের অধিনায়কের বক্তব্য, ‘ভিন্ন কন্ডিশন ও প্রতিটি পরিবেশের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আপনাকে এটার সঙ্গে মানিয়ে নিতেই হবে। একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আমি প্রতিটি দেশে রান করতে চাই, আধিপত্য দেখিয়ে জিততে চাই। এখন আমাদের মনে এটাই আছে এবং আবারও বলছি, আমরা শুধু একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি না।’