হাথুরুসিংহের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন পোথাস

তামিম ইকবালের ‘অবসর’ নাটকের মূল কারণ স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের একটি ফোন কল-ই মূল কারণ! পেশাদার ক্রিকেট বোর্ডে কার্যক্রমগুলো মোটেও পেশাদারিত্বের মাধ্যমে হচ্ছে না। ক্রিকেটার, কোচ, সংগঠক সবাই পেশাদারিত্বের কথা বললেও কেউ পেশাদার আচরণ দেখাতে পারছেন না। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও তামিমের অবসর ইস্যু ঘুরে ফিরে এলো। তবে হাথুরুসিংহেকে নিয়ে করা একটি প্রশ্নের উত্তর না দিয়ে সেটি এড়িয়ে গেছেন সহকারী কোচ নিক পোথাস। 

প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, পুরোপুরি ফিট নন তিনি। ম্যাচ খেলেই নিজের ফিটনেসের অবস্থা বুঝতে চেয়েছিলেন। তামিমের এই বক্তব্য ভালো লাগেনি হাথুরুসিংহের। তিনি আবার বিষয়টি বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনকে অবগত করেন। বোর্ড সভাপতি সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। পরে প্রথম ম্যাচ ঠিকঠাক মতো খেললেও পর দিন তামিম সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম।

কিন্তু তামিমের হুট করে এমন অবসর নাটকে দলের স্পিরিট নষ্ট হয়েছে। লিটন দাসের নেতৃত্বে খেলতে নেমে পুরোপুরি বিধ্বস্ত হয়ে সিরিজ হেরেছে স্বাগতিকরা। সোমবার বৃষ্টির কারণে বাংলাদেশ দল অনুশীলন করেনি। তবে সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। সেখানে তামিম প্রসঙ্গ বার বার এলেও পোথাস ঝাঁঝালো উত্তরে সেসব থামিয়ে দিয়েছেন বার বার।

পোথাস পেশাদারিত্ব নিয়ে বেশ কয়েকবার কথাও বলেছেন। একদম শেষে পোথাসকে লক্ষ্য করে এক সাংবাদিক প্রশ্ন ছুঁড়ে দেন এভাবে, ‘আপনি বারবার বলছেন পেশাদারিত্বের কথা, কিন্তু আপনারই একজন সতীর্থ (প্রধান কোচ) সিরিজ শুরুর আগের দিন বোর্ড প্রেসিডেন্টের কাছে অধিনায়ক তামিম ইকবালের নামে যে অভিযোগ করেছেন তা কি পেশাদিরত্বের মধ্যে পড়ে?’

এই প্রশ্নের মাঝেই অভিব্যক্তি দিয়ে পোথাস হা-হুতাশ করছিলেন। এরপর ছোট উত্তর দিয়ে বিদায় নেন তিনি, ‘আমি নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর দিচ্ছি না।’

তামিমের এমন আবেগী কাণ্ডে হাথুরুসিংহেরও দায় দেখছেন অনেকে। যদিও এ ব্যাপারে পোথাসের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। শুরুতেই তার দিকে প্রশ্ন ছিল টিমের মুড কেমন? ছোট উত্তরে তিনি বলেছেন, ‘সুন্দর (অবস্থা)। সমস্যা নেই।’

এরপর আরও এক প্রশ্নে পোথাস বলেছেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়দের কথা বলছি। এই ছেলেরা তাদের কাজ সম্পর্কে খুব পেশাদার। খেলোয়াড়দের এই বিষয়ে আমাদের খুব একটা অনুপ্রেরণা দিতে হয় না। তারা সবসময় প্রস্তুত থাকে। এটি দুর্দান্ত খেলোয়াড়দের একটি দল।’