জুন মাসে ক্রিকেটারদের বলার মতো পারফরম্যান্স ছিল বিশ্বকাপ বাছাইয়েই। সেখানে ব্যাট হাতে জিম্বাবুয়ের শন উইলিয়ামস যেমন রানের ফোয়ারা ছুটিয়েছেন। তেমনি স্পিনিং জাদুতে দীপ্তি ছড়িয়েছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাই জুন মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ বিবেচিত হয়েছেন লঙ্কান এই ক্রিকেটার। জুন মাসের সেরা হতে তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের শন উইলিয়ামসকে।
লঙ্কান অলরাউন্ডার এই মাসে হাত ঘুরিয়ে ২৬ উইকেট নিয়েছেন। তার এই বোলিং নৈপুণ্য ভর করে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে লঙ্কান দল। বাছাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি। এই সময়ে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টানা তিনবার ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন।
মাসসেরা হয়ে হওয়া হাসারাঙ্গা প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, ‘এই পুরস্কার পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর সেটা এসেছে শ্রীলঙ্কার ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে; যখন আমরা ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে কোয়ালিফাই করতে পেরেছি। তাই আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান ও সম্মানিত মনে করছি।’