প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ আগেই নির্ধারণ হয়ে আছে। তবে গত কয়েক বছরে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যে দ্বৈরথটা বেশ জমেছে। আজ ছিল লিগে ফিরতি পর্বে দুই দলের লড়াই। তাতে চ্যাম্পিয়ন বসুন্ধরা হারালো এবারের রানার্সআপ দলকে। কিংস অ্যারেনাতে ব্রাজিলিয়ান দোরিয়েল্তনের লক্ষ্যভেদে তারা ১-০ গোলে হারিয়েছে আবাহনীকে। নিজেদের মাঠে শেষ ম্যাচটি জিতেছে অস্কার ব্রুজনের দল।
ম্যাচের প্রথমার্ধে বসুন্ধরা আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচ ঘড়ির ৭ মিনিটে রবিনিয়োর পাসে মিগেলের বাঁ পায়ের দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে যায়। একটু পর মিগেলের বক্সের ভেতর থেকে নেওয়া শট অনেক দূর দিয়ে যায়।
২০ মিনিটে একমাত্র গোলের দেখা পায় বসুন্ধরা। মিগেলের ফ্রি-কিক থেকে নেওয়া জোরালো শট গোলকিপার শহিদুল আলম সোহেল বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে জাল অক্ষত রাখেন, তবে ফিরতি বলে সামনে থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তনের শট আর সেভ করতে পারেননি গোলকিপার। জড়িয়ে যায় জালে।
আবাহনী যোগ করা সময়ে সুযোগ পেয়েছিল সমতায় ফেরার। মেহেদী হাসান রয়েলের শট পোস্টের অনেক দূর দিয়ে গেলে সমর্থকরা হতাশ হন।
বিরতির পর খেলা আরও জমে ওঠে। এই অর্ধে আবাহনী গোল শোধে আরও মরিয়া হয়ে উঠে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি।
৫২ মিনিটে ভালো সুযোগ নষ্ট হয়। বাম প্রান্তে কলিনদ্রেসের পাসে ফয়সাল আহমেদ ফাহিমের ভাসিয়ে দেওয়া বলে পিটার নোরাহ মাথা ছোঁয়াতে পারেননি। পারলে হয়তো সমতায় ফিরতে পারতো আকাশি-নীল জার্সিধারিরা। বসুন্ধরাও প্রতি আক্রমণে উঠে গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে।
৭৫ মিনিটে মিগেলের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট গোলকিপার প্রতিহত করেন। ৮১ মিনিটে বিশ্বনাথের সঙ্গে ট্যাকলে মাটিতে পড়েন কলিনদ্রেস। কিন্তু রেফারি আলমগীর সরকার স্পট কিকের নির্দেশ দেননি। এনিয়ে আবেদন করেও কোনও ফল আসেনি।
আক্রমণে জোর দেওয়ার জন্য কিংসলে ও জীবন মাঠে নামেন। তাতেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি। ৮৭ মিনিটে দুই ডিফেন্ডারকে ডজ দিয়ে দোরিয়েল্তনের শট পোস্টের ওপর দিয়ে যায়।
যোগ করা সময়ের প্রথম মিনিটে সতীর্থের ক্রসে কিংসলের প্লেসিং ক্রসবারের ওপর দিয়ে গেলে আবাহনীর আর ম্যাচে ফেরা হয়নি।
দিনের অন্য ম্যাচে মোহামেডান ১-০ গোলে ফর্টিস এফসিকে ও শেখ জামাল ৩-১ গোলে আজমপুর এফসি উত্তরাকে হারায়।
বসুন্ধরা কিংস ২০ ম্যাচে ১৮ জয়ে ৫৫ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে আবাহনী লিমিটেড চতুর্থ হারে আগের ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।