নিয়মিত ইতিহাসের অংশ হতে চায় বাংলাদেশ

আইসিসি নারী চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আগের চারটি ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করলেও এবারই প্রথম জিতলো লাল-সবুজ জার্সিধারীরা। তাও আবার এখন অব্দি যাদের সাথে এই ফরম্যাটে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি, সেই ভারতের বিপক্ষে। রবিবার আগে ব্যাটিং করে ১৫৩ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এরপর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ডাকওয়ার্থ লুইস মেথডে ৪০ রানে হারায় ভারতকে। এই সাফল্যকে ইতিহাসের অংশ বললেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানালেন, এভাবে নিয়মিত ইতিহাসের অংশ হতে চায় বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বাংলাদেশের অধিনায়ক নিজেদের ফেভারিট হিসেবে ঘোষণা করেছিলেন। প্রথম ম্যাচ শেষে বোঝা গেলো, বাড়িয়ে বলেননি তিনি। আধিপত্য দেখিয়ে দারুণ এক জয়ের পর নিগার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে... এটাও। লম্বা সময় পরে ভারতের বিপক্ষে জেতা। একই সঙ্গে মিরপুরের মাঠে জয়। আমি বলবো অবশ্যই ইতিহাসের অংশ। ইতিহাসের পাতা যেন আরেকটু বাড়াতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে।’

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জয়ের পর খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি বাংলাদেশকে। ওই ম্যাচের পর নিগার বলেছিলেন, বড় কিছুর জন্য তাদের অপেক্ষা। রবিবার ভারতের সঙ্গে ষষ্ঠবার লড়াইয়ের পর জয়ের দেখা পাওয়া মেয়েরা সেই অর্থে আনন্দ করেননি। সিরিজ জয়ের পরই বাধভাঙা উল্লাস করতে চান অধিনায়ক, ‘অবশ্যই মেয়েরা অনেক বেশি রোমাঞ্চিত ছিল। কিন্তু আমি বলেছি যে না, শেষ হয়নি এখনও। কারণ এখন আমাদের দায়িত্ব আরও বাড়লো। আপনাদেরও প্রত্যাশা তৈরি হয়েছে আমাদের নিয়ে। কারণ আমরা জানি আমরা ভালো ক্রিকেট খেললে এগিয়ে যাওয়ার সুযোগ পাবো। ওদের (ক্রিকেটারদের) থামিয়ে রেখেছি যে, উল্লাসের এখনও অনেক কিছু বাকি আছে। হয়তো সিরিজ নিতে পারলে দেখা যাচ্ছে ওভাবে আমরা উদযাপন করবো।’

হুট করেই বদলে গেছে বাংলাদেশের পারফরম্যান্স। স্কোরবোর্ডে কম রান করেও হাল ছাড়ছে না। এই বদলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নিগার। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি সবসময় চেষ্টা করি দলের ভেতর ইতিবাচক আবহ তৈরি করতে। নির্দিষ্ট দিনে খেলোযাড়ের বাজে সময় যেতে পারে তার মানে এই না যে তার সামর্থ্য নেই। আমি চেষ্টা করি সবসময় সবাইকে সমর্থন করার জন্য। আমি ড্রেসিংরুমে একটা কথাই বলেছি যে আমরা আমাদের গর্ব ও সম্মানের জন্য ক্রিকেট খেলবো।’

নিগার আরও বলেছেন,  ‘সবাইকে এটাই মনে করিয়ে দিয়েছি আমরা কতটুকু সামর্থ্যবান। যা করতে পারি সেটা যদি করে দেখাতে পারি ঘুরে দাঁড়াতে পারবো। সিরিজ হারার পর আমার একটা কথাই ছিল ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলতে হলে আগামী ম্যাচে জয় দরকার। মেয়েরা অনেক ইতিবাচক ছিল, কোচিং স্টাফ থেকেও ইতিবাচকভাবে উজ্জীবিত করা হয়েছে। সবার ভেতর বিশ্বাস ছিল।’