ফাইনালে ওঠার স্বপ্ন দেখলেও পূরণ হলো না। সেমিফাইনালে ভারতের ‘এ’ দলকে বল হাতে চেপে ধরলেও পাল্টা জবাবে লণ্ডভণ্ড বাংলাদেশের ‘এ’ দলের ব্যাটিং লাইনআপ। ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে হেরে গেছে ৫১ রানে।
সেমিফাইনালে লক্ষ্যটা ছিল অর্জন করার মতো, ২১২ রান। শুরুটা হয় দারুণ। নাঈম হাসান ও তানজিদ হাসান তামিমের আগ্রাসী ব্যাটিং। ওপেনিংয়ে ৭০ রান তুলে ভাঙে এ জুটি। তারপরই ধাক্কা। ১০০ রানে নেই ৩ উইকেট।
নাঈম ৩৮ ও তামিম ৫১ রানে ফিরে যান। জাকির হাসান ৫ রানে প্যাভিলিয়নে। সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয় ওই ধাক্কা সামলে নেন। কিন্তু ২৩ রানের জুটি ভেঙে বড় বিপদে পড়ে বাংলাদেশ। এই দফায় ১১ রানের ব্যবধানে ৩ ব্যাটারের বিদায়। সাইফ ২২ রানে থামেন। সৌম্য সরকার (৫) ও আকবর আলী (২) প্যাভিলিয়নের পথ ধরেন।
১৩৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় (২০), রাকিবুল হাসানরা (০) দায়িত্ব পালন করতে ব্যর্থ। মেহেদী হাসানকে (১২) নিয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জয় ২০ রানের জুটি গড়েন। ৬ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় বাংলাদেশ। ১৬০ রানে গুটিয়ে হার মানে তারা।
নিশান্ত সিধুঁ ভারতের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন। তিনটি পান মানব সুতার।
এর আগে বাংলাদেশ বোলিংয়ে দারুণ শুরু করেছিল। ১৩৭ রানে ৭ উইকেট তুলে নেয় তারা ভারতের। তবে যশ ধুলের হাফ সেঞ্চুরিতে ২১১ রান করে ভারতীয় দল। আর এই রানই তাদের জেতার জন্য যথেষ্ট ছিল।
এদিন আগেই ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এবার ভারত তাদের সঙ্গে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিলো।