ক্যারিয়ারের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়তে পেরেছেন তাওহীদ হৃদয়। তাতে বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়েছেন এই প্রথম। জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন। তাকে দলে নিয়েছে জাফনা কিংস।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনার হয়ে শুরুর ৬টি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন হৃদয়। কারণ, তাকে পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিকের বদলি খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।
মালিক বর্তমানে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন। জাফনায় যোগ দেবেন ৮ আগস্ট। হৃদয় জাফনা কিংসে খেলার কথা স্বীকার করে ঢাকা ট্রিবিউনকে বলেছেন, ‘জাফনার হয়ে খেলতে রাজি হয়েছি। বিসিবি আমাকে এরই মধ্যে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে। যদি সব কিছু ঠিকঠাক মতো চলে, তাহলে কলম্বোর উদ্দেশে দেশ ছাড়বো ২৮ জুলাই।’
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে গল টাইটান্সের হয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন খেলবেন। ডাম্বুলা অরায় খেলতে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদও।
লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ আসর শুরু হবে আগামী রবিবার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স।