লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার এনওসি পাচ্ছেন না তাসকিন!

লঙ্কা প্রিমিয়ার লিগ যখন চলবে, বাংলাদেশের তখন কোনও খেলা নেই। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্প চলবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। শুরুর দিকে অবশ্য সাকিব আল হাসানকে পাওয়া যাবে না। তিনি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে চলে যাবেন শ্রীলঙ্কায়। সেখানে খেলবেন লঙ্কা প্রিমিয়ার লিগে। জিম্বাবুয়েতে আফ্রো টি-টেন লিগ খেলার সময় তাসকিন আহমেদও শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেয়েছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে না বলে শীর্ষস্থানীয় দৈনিক গণমাধ্যমকে জানিয়েছেন একটি সূত্র।

আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট চলবে এলপিএল। পুরো আসরের জন্য ডাম্বুলা অরা তাসকিনকে খেলার প্রস্তাব দেয়। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইস্যুতে তাকে অনুমোদন দেবে না বোর্ড। এর পরিবর্তে জাফনা কিংসের হয়ে প্রথম তিন ম্যাচ খেলতে ছেড়ে দেওয়া হবে ব্যাটার তৌহিদ হৃদয়কে। 

বিসিবির ঘনিষ্ঠ সূত্র বলছেন, ‘হৃদয় এনওসি পাবে (এলপিএল)। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে তাসকিনের ওয়ার্কলোড নিয়ে ভাবতে হবে আমাদের। তাসকিন এখন ফ্র্যাঞ্চাইজি লিগ (জিম আফ্রো) খেলছে। তাকে কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এ কারণে তাকে এনওসি দেওয়া হবে না।’

এর আগে এই বছর কাউন্টি দল ইয়র্কশায়ারে খেলার সুযোগ পান তাসকিন। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে না করে দেন তিনি। পিএসএল ও আইপিএল থেকেও ডাক এসেছিল। একই কারণে মুলতান সুলতান্সকেও ফিরিয়ে দেন। এছাড়া আইপিএলে লখনউ সুপার জায়ান্টস তাকে প্রস্তাব দিলেও বিসিবি খেলার অনুমতি দেয়নি।

গল টাইটান্সের হয়ে সাকিব ও মোহাম্মদ মিঠুন এবারের এলপিএলে খেলবেন। তাদের সঙ্গে যোগ দেবেন হৃদয়ও।