জিম-আফ্রো টি-টেনে নিজের সেরাটা দিয়ে মুগ্ধ করেছেন তাসকিন আহমেদ। বুলাওয়ে ব্রেভসের হয়ে প্রথম আসরে বাজিমাত করেছেন বাংলাদেশের ডানহাতি এই এই পেসার। নিজে ভালো করলেও তার দল অবশ্য প্লেঅফে উঠতে ব্যর্থ।
জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেন লিগে তাসকিনের গতি ও সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের বুকে কাঁপন ধরেছিল। টি-টেনের মতো টুর্নামেন্টে যেখানে ব্যাটারদের আধিপত্য, সেখানে বল হাতে রাজত্ব করেছেন তিনি। টুর্নামেন্টের ৭ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেট শিকারি। এক ম্যাচ বেশি খেলে ১২ উইকেট নিয়ে শীর্ষে আছেন মোহাম্মদ হাফিজ। তাসকিন প্লেঅফ খেলতে পারলে উইকেট সংখ্যা নিশ্চিতভাবে আরও বাড়তো।
পুরো টুর্নামেন্টে বুলাওয়ের পারফরম্যান্স ধারাবাহিক না থাকলেও বোলিংয়ে অবিশ্বাস্য ছিলেন তাসকিন। ইনিংসের শুরু থেকেই দলকে উইকেট এনে দিতে সহায়তা করেছেন। বাংলাদেশি এই পেসার ৭ ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে উইকেটের দেখা পাননি। ওই ম্যাচে কোনও উইকেট না পেলেও ২ ওভারে খরচ করেন মাত্র ৭ রান। ৭ ম্যাচে ৭.৮৫ রান করে দিয়েছেন তিনি। তার চেয়ে কম রান দিয়েছেন কেবল শীর্ষে থাকা হাফিজ (৭.৪১)। তাসকিনের সেরা বোলিং ১১ রান খরচায় ৩ উইকেট।
জিম-আফ্রো থেকে তাসকিনের দল বিদায় নেওয়াতে তাকে দেশে ফিরতে হচ্ছে। ওয়ার্কলোড বিবেচনায় তাকে লঙ্কা প্রিমিয়ার লিগের ছাড়পত্র দেয়নি বিসিবি।