ইংল্যান্ডকে জিতিয়ে ব্রডের বিদায়

স্টুয়ার্ট ব্রডের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। ইংলিশ এই পেসারের সমাপ্তিটা যদি হয় শেষবারের মতো উইকেট শিকার আর জয় দিয়ে। তাহলে তো কথাই নেই। অ্যাশেজের শেষ টেস্টে সেরকম উপলক্ষ দিয়েই ক্যারিয়ারের ইতি টেনেছেন ব্রড। অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ ২-২ ড্রয়ে শেষ করেছে স্বাগতিক ইংল্যান্ড।

ব্রডের মতো মঈন আলীরও এটি শেষ টেস্ট। অ্যালেক্স ক্যারি যখন শেষ দিকে প্রতিরোধ গড়ে লড়াইটা অব্যাহত রাখছিলেন। ব্রড তাকে গ্লাভসবন্দি করতেই উল্লাসে মাতেন দুজন। পরে তারা হাত ধরাধরি করে শেষবারের মতো মাঠ ছেড়েছেন। 

৩৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ১৩৫ রানে পঞ্চম ও শেষ দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। অজিদের দারুণ জবাবে তখনও বোঝা যাচ্ছিল না চলমান টেস্টের পরিণতি কী হতে যাচ্ছে। কিন্তু সকালের শুরুতেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৬০) ও উসমান খাজাকে (৭২) ফিরিয়ে অজিদের নাড়িয়ে দিয়েছেন ক্রিস ওকস। মার্নাস লাবুশেনকে (১৩) তো বেশি দূর যেতেই দেননি উড। তার পর অবশ্য সফরকারীদের আবার ম্যাচে ফেরাতে ভূমিকা রাখেন স্টিভেন স্মিথ (৫৪) ও ট্রাভিস হেড (৪৩)। 

দুই ঘণ্টারও বেশি সময়ের বৃষ্টি বিরতির পর ম্যাচের দৃশ্যপট বদলে দিয়েছেন মঈন ও ওকস। অজিদের ব্যাটিংয়ে ধস নামান তারা। দু’জনের বোলিংয়ে ৩০ রানে অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। নবম উইকেটে অ্যালেক্স ক্যারি ও টড মারফি ৩৫ রানের জুটিতে রোমাঞ্চ ছড়ালেও শেষ মুহূর্তে নাটকীয়তার জন্ম দেন ব্রড। শেষ দুটি উইকেটই নিয়েছেন অবসরের ঘোষণা দেওয়া এই পেসার। অস্ট্রেলিয়া অলআউট ৩৩৪ রানে। এই ইনিংসে ৫০ রানে ৪ উইকেট নিয়েছেন ক্রিস ওকস। ৭৬ রানে ৩টি শিকার মঈন আলীর। ব্রড ৬২ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি নিয়েছেন মার্ক উড। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৩ (ব্রুক ৮৫; স্টার্ক ৪/৮২), ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩৯৫ (রুট ৯১, বেয়ারস্টো ৭৮, ক্রলি ৭৩; স্টার্ক ৪/১০০, মারফি ৪/১১০)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৯৫ (স্মিথ ৭১; ওকস ৩/৬১), অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৩৩৪, লক্ষ্য ৩৮৪ ( খাজা ৭২, ওয়ার্নার ৬০; ওকস ৪/৫০, মঈন ৩/৭৬) 

ফল: ইংল্যান্ড ৪৯ রানে জয়ী 
সিরিজ: ২-২ ড্র 
ম্যাচসেরা: ক্রিস ওকস