প্রথম টি-টোয়েন্টির পর ভারত-ওয়েস্ট ইন্ডিজকে শাস্তি

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে ভারত সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে তারা সাফল্য পেয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। ১৫০ রানের লক্ষ্য দিয়েও তারা আটকে দিয়েছে ভারতকে। রোমাঞ্চকর জয়ের আনন্দে খানিকটা কালো দাগ ফেলেছে আইসিসির শাস্তি। স্লো ওভার রেটে জরিমানা করা হয়েছে স্বাগতিকদের। একই অপরাধ করেছে ভারতও, তাদের শাস্তি একটু কম।

আগে বোলিং করে ভারত নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার বল কম করেছে। নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। তাতে ভারতীয় খেলোয়াড়রা তাদের ম্যাচ ফির ৫ শতাংশ দেবেন। পরে বোলিং নিয়ে ভারতকে ১৪৫ রানে আটকে দেওয়া উইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে দুটি ওভার বল কম করেছে। তাদের দিতে হবে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল ও ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাদের অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট ও প্যাট্রিক গাস্টার্ড, তৃতীয় আম্পায়ার নাইজেল দুগুইদ ও চতুর্থ আম্পায়ার লেসলি রেইফার।

পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে উইন্ডিজ। আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা।