বিশ্বকাপে ফিট কামিন্সকে পাওয়ার আশা অস্ট্রেলিয়ার

অ্যাশেজের শেষ টেস্টে কব্জিতে গুরুতর চোট পান অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার শঙ্কা। তবে বিশ্বকাপের আগেই তাকে ফিট পাওয়া যাবে, আশাবাদী নির্বাচকরা। অক্টোবরের টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের কয়েকটি ম্যাচেও তাকে খেলানো হতে পারে। এই দুটি সিরিজের জন্য ঘোষিত ১৮ জনের স্কোয়াড থেকেই চূড়ান্ত করা হবে বিশ্বকাপের দল।

৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না কামিন্স। গত বছর নেতৃত্ব পাওয়ার পর কেবল দুটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেন এই পেসার। এবার বিশ্বকাপেও তিনি থাকছেন অধিনায়ক। তার আগে পুরোপুরি সুস্থ হওয়ার লড়াই করবেন।

কামিন্সকে রেখে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা, ভারত সফর ও বিশ্বকাপের প্রাথমিক ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে। দলের হয়ে সবশেষ ৯ ওয়ানডের সবগুলো খেলা মার্নাস লাবুশেন বাদ পড়েছেন। 

নিউ সাউথ ওয়েলস লেগস্পিনার তানভীর সাংঘা ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অলরাউন্ডার অ্যারন হার্ডি ১৮ জনের এই দলে নতুন মুখ। এখনও তাদের আন্তর্জাতিক অভিষেক হয়নি, তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে।

পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে গত বছরের আগস্ট থেকে কোনও ক্রিকেট খেলেননি সাংঘা। তবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে নিউ জিল্যান্ড সফরে ছিলেন। হার্ডি গত ১৮ মাস ধরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের নিয়মিত সদস্য। দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডেও আছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেওয়া হয়েছে মিচেল মার্শকে। কামিন্স যে কয়টি ওয়ানডেতে খেলবেন না, সেই ম্যাচে নেতৃত্ব দেবেন মার্শ। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার ও অ্যাস্টন অ্যাগার টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে দলে যোগ দেবেন। গ্লেন ম্যাক্সওয়েল পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে। ভারতে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকবেন তিনি।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি স্কোয়াড: ম্যাট শর্ট, জশ ইংলিস, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, মিচেল মার্শ (অধিনায়ক), অ্যারন হার্ডি, শন অ্যাবট, জ্যাসন বেহরেনডর্ফ, নাথান এলিস, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা।