আমিরাতের বোলিংয়ে অসহায় লঙ্কান ব্যাটিং লাইনআপ !

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১২৯ রানের পুঁজি সংগ্রহ করতে পেরেছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাতের বোলিংয়ের কাছে এদিন রীতিমতো অসহায় আত্মসমর্পন করলেন লঙ্কান ব্যাটসম্যানরা।লঙ্ক

আরব আমিরাতের বোলারদের তোপে এদিন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য আমিরাতের প্রয়োজন ১৩০ রান।

বৃহস্পতিবার রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।  শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। ৯.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৮ রান তুলেন দুই ওপেনার দিনেশ চান্দিমাল ও তিলকরত্নে দিলশান। আমজাদ জাভেদের বলে আউট হওয়ার দিলশান ২৮ বলে ২৭ রানের ইনিংস খেলেন। দলীয় ৭৯ রানে ১১.১ ওভারে সেই আহমেদ জাভেদের বলে আউট হন মিলিন্দা সিরিবর্ধনা (৬)।
কিছুক্ষণ পর দলীয় ৮৯ রানে ফিরে যান চান্দিমালও। আবারও হন্তারক জাভেদ। তার বলে ওসমানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তবে আউট হওয়ার আগে ৩৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। দলীয় ৯৮ রানে শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন ঘটে। নাভিদের বলে সাজঘরে ফিরে যান দাসুন শানাকা। দলীয় ১০৫ ও ১১৩ রানে শ্রীলঙ্কার পঞ্চম ও ষষ্ঠ উইকেটের পতন ঘটে। যথাক্রমে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুস ও শেহান জয়সুরিয়া।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে শ্রীলঙ্কা। ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন আমজাদ জাভেদ। দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নাভিদ।

/এমআর/