ব্যাটিংয়ের ধরনে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে দারুণ মিল ডেওয়ার্ড ব্রেভিসের। দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেটের ভক্তও তিনি। এই কারণে ‘বেবি এবি’ নাম কুড়িয়েছেন ২০ বছর বয়সী ব্যাটার। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে বিশ্বের নজর কেড়ে আইপিএল, সিপিএল ও এমএলসির মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। এবার তার জন্য খুলে গেলো বহুল প্রতীক্ষিত জাতীয় দলের দরজা।
অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার শেষ ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলবে প্রোটিয়ারা। এই দুটি ফরম্যাটের স্কোয়াডেই ডাক পেয়েছেন ব্রেভিস। বিশ্বকাপের জন্য তাকে প্রস্তুত করার চেয়ে বড় মঞ্চে পরিচিত করাই নির্বাচকদের মূল উদ্দেশ্য। দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, ব্রেভিস একাদশে সুযোগ পেলে মিডল অর্ডারে ব্যাট করবেন। তিনি সাধারণত ওপেনিংয়ে খেলেন। তাকে যে ভালো কিছু করে দেখাতে হবে, সেই চাপ দেওয়া হচ্ছে না।
ওয়াল্টার বলেছেন, ‘তাকে একটা সুযোগ দেওয়া হবে দারুণ। সে আমাদের আগামীর তারকা। আমরা আমাদের বহর একটু বাড়াতে চাই এবং এই অস্ট্রেলিয়া সিরিজ হবে তার সামর্থ্যের প্রমাণ দেওয়ার দারুণ সুযোগ। আমি তাকে বেবি এবি (ডি ভিলিয়ার্স) ডাকছি না। আমরা এবিকে এবি রাখতে চাই। সে (ব্রেভিস) বেশ ভালো। তার নিজেকে প্রকাশ করার জন্য একটা পরিবেশ তৈরি করতে চাই।’
দক্ষিণ আফ্রিকার ঘোষিত দলে চমক কেশভ মহারাজের অন্তর্ভুক্তি। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে র্যাপচার্ড অ্যাকিলিস চোট পান তিনি। এই বছর পুরোটা সময় তার মাঠের বাইরে থাকার আশঙ্কা ছিল। অথচ এখন তাকে বিশ্বকাপে খেলানোরও আশা করছেন নির্বাচকরা। আপাতত তাকে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য ডাকা হয়েছে, তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। নির্বাচকদের আশা, তারপর ওয়ানডে সিরিজে খেলতে পারবেন এই স্পিনার।
আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে সিরিজের আগে। তবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। চূড়ান্ত ১৫ জনের দলে দুই স্পিনারের লড়াই হবে মহারাজ, তাবরাইজ শামসি ও বিয়র্ন ফোরটুইনের মধ্যে।
গত ২ এপ্রিল নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের পর থেকে আর কোনও ক্রিকেট খেলেনি দক্ষিণ আফ্রিকা। আগামী ৩০ আগস্ট শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজ।