এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল। সাবেক অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা অবসর নেওয়ায় এবারই প্রথম তাকে ছাড়া নেপালের স্কোয়াড বেছে নিতে হয়েছে।
২০ বছর বয়সী তরুণ অলরাউন্ডার রোহিত পওদেল নেপালকে এরই মধ্যে ২৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টেও দায়িত্ব পালন করবেন তিনি। নেপাল এসিসি প্রিমিয়ার কাপ জিতেই এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে। যার পেছনে অবদান ছিল পওদেলের। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
দলটায় বড় কোনও চমক নেই। এখনও অভিষেক না হওয়া স্পিনার মওসুম ধাকাল ও সুন্দীপ জোরাকে রাখা হয়েছে। যারা বিশ্বকাপ কোয়ালিফায়ারে খেলতে পারেননি।
অভিজ্ঞ ব্যাটিং লাইনআপে রয়েছেন ভিম শারকি, গুলশান ঝা ও পওদেল। স্পিন আক্রমণে রয়েছেন ললিত রাজবংশী ও সন্দীপ লামিচানে।
এশিয়া কাপে গ্রুপ ‘এ’ তে পাকিস্তান ও ভারতের গ্রুপে পড়েছে নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানে এক সপ্তাহের অনুশীলনে থাকবে নেপাল দল। এই সময় পিসিবির নির্ধারিত দলের সঙ্গে তারা প্রস্তুতি ম্যাচও খেলবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুলতানে ৩০ আগস্ট স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। তার পর ক্যান্ডিতে ৪ সেপ্টেম্বরে তাদের প্রতিপক্ষ ভারত।
টুর্নামেন্টে দুই গ্রুপের শীর্ষ দুই দল তার পর সুপার ফোরে খেলবে।
নেপালের স্কোয়াড: রোহিত পওদেল (অধিনায়ক), কুশল ভুরতেল, আসিফ শেখ, ভিম শারকি, কুশল মাল্লা, আরিফ শেখ, দীপেন্দ্র সিং এইরি, গুলশান ঝা, সোম্পাল কামি, কারান কেসি, সন্দীপ লামিচানে, ললিত রাজবংশী, প্রতীশ জিসি, মওসুম ধাকাল, সুন্দীপ জোরা, কিশোর মাহাতো ও অর্জুন সৌদ।