২৬ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন হাসারাঙ্গা

সীমিত ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারদর্শী ওয়ানিন্দু হাসারাঙ্গা। টেস্ট ক্রিকেট খেলতেও দেখা যায় না সেভাবে। ২ বছরে মাত্র চারটি টেস্ট খেলেছেন। কিন্তু ওই টেস্টগুলোয় লাল বলে সেভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি। সব বিবেচনায় নিয়ে টেস্ট ক্রিকেট থেকে মাত্র ২৬ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন লঙ্কান এই লেগ স্পিনিং অলরাউন্ডার। 

মূলত টি-টোয়েন্টি ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি ব্যস্ত দেখা যায় তাকে। শোনা যাচ্ছে, বিদেশি লিগগুলোতে আরও বেশি মনোযোগী হতে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

যে চারটি টেস্ট খেলেছেন সেখানে ১০০.৭৫ গড়ে ৪টি উইকেট নিয়েছেন। তবে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি হাফসেঞ্চুরিও আছে তার। 

সম্প্রতি টেস্ট সিরিজকে সামনে রেখে বড় গ্রুপে অনুশীলনে ডাক পেয়েছিলেন তিনি। পরে দেখা গেছে, টেস্টে স্কোয়াডে তার জায়গাই হয়নি। এর ফলে লঙ্কানদের হয়ে অনুশীলনে গিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রস্তাবে সাড়া দিতে পারেননি। যেটা হয়েছে মেজর লিগ ক্রিকেটের বেলায়। টুর্নামেন্ট শুরুর আগে নিজের নাম সরিয়ে নিতে বাধ্য হন তিনি। 

তবে শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছে, সীমিত ওভারে ক্রিকেটে ক্যারিয়ার লম্বা করতেই হাসারাঙ্গা টেস্ট থেকে অবসরে গেছেন। যদিও তার ইনজুরির সেরকম ইতিহাস নেই। 

লঙ্কান এই লেগস্পিনার ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১০২ উইকেট। সেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি। এছাড়া ওয়ানডেতে খেলেছেন ৪৮টি ম্যাচ ও ৫৮টি টি-টোয়েন্টি। ২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাচটি তার ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট।